পদুয়ায় সড়ক সম্প্রসারণের ড্রেনে সেন্টমার্টিনের স্লিপার বাস

Jaya Sarkar

প্রকাশ :সেপ্টেম্বর ৩০, ২০২৬

পদুয়ায় সড়ক সম্প্রসারণের ড্রেনে সেন্টমার্টিনের স্লিপার বাস

মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান,চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার পদুয়া বাজার এলাকায় সড়ক সম্প্রসারণের জন্য খনন করা ড্রেনে সেন্টমার্টিন পরিবহনের একটি স্লিপার বাস পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে বাসটি পদুয়া বাজার এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের পাশে সম্প্রসারণকাজের জন্য খনন করা গভীর ড্রেনে বাসটির একটি চাকা পড়ে যায়। এতে বাসটি একদিকে কাত হয়ে পড়ে।

ঘটনার পর বাসে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বাসের যাত্রীরা নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে বাসটি ড্রেন থেকে সরিয়ে নিতে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। দুর্ঘটনাকবলিত বাসটি সড়কের পাশে থাকায় মহাসড়কের ওই অংশে যান চলাচলে কিছুটা ধীরগতি তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, পদুয়া বাজার এলাকায় সড়ক সম্প্রসারণের কাজ চললেও রাস্তার পাশে খনন করা অংশগুলোতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেই। কোথাও কোথাও সতর্কতামূলক সাইনবোর্ড ও নিরাপত্তা বেষ্টনী না থাকায় যানবাহন চলাচলের সময় ঝুঁকি তৈরি হচ্ছে বলেও অভিযোগ তাদের।

তাদের দাবি, সড়ক সম্প্রসারণের কাজের কারণে তৈরি হওয়া খোলা ড্রেন ও গর্তের পাশে পর্যাপ্ত ব্যারিকেড, সতর্কতামূলক সাইনবোর্ড এবং রাতে দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা রাখা প্রয়োজন। এতে যানবাহন ও পথচারীদের দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব হবে।

এদিকে দুর্ঘটনার বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।বাসটি ড্রেন থেকে উদ্ধারের পর মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন

সারাদেশে চলছে ভ্যাপসা তাপদাহ, সাগরে গভীর নিম্নচাপ