লোহাগাড়ায় তিন করাতকলে অভিযান, জরিমানা ১৬ হাজার টাকা

Jaya Sarkar

প্রকাশ :অক্টোবর ৭, ২০২৬

লোহাগাড়ায় তিন করাতকলে অভিযান, জরিমানা ১৬ হাজার টাকা

মো: আব্দুল্লাহ মামুন সোহান,চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর খাঁন হাট বাজারের পশ্চিম পাশে অবৈধভাবে পরিচালিত করাতকলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও চুনতি বন বিভাগ।

এ সময় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তিনটি করাতকলকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রজাতির গোল কাঠ জব্দ করা হয়।

বুধবার (৭ অক্টোবর) সকালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদ-বিন-আখন্দ।অভিযানে উপস্থিত ছিলেন চুনতি বনরেঞ্জ কর্মকর্তা আবির হাসান, সাতগড় বনবিট কর্মকর্তা বজলুর রশিদ, আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন এবং লোহাগাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলা উদ্দিনসহ বন বিভাগ ও পুলিশের সদস্যরা।

প্রশাসন সূত্রে জানা যায়, আধুনগর এলাকায় করাতকলের লাইসেন্সসংক্রান্ত বিধিমালা লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে হেলাল উদ্দিনের করাতকলকে ৫ হাজার টাকা, রেজাউল করিমের করাতকলকে ৮ হাজার টাকা এবং জামাল উদ্দিনের করাতকলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে জরিমানার পরিমাণ দাঁড়ায় ১৬ হাজার টাকা।

অভিযানকালে বিভিন্ন প্রজাতির গোল কাঠও জব্দ করা হয়। তবে জব্দ করা কাঠের পরিমাণ ও সেগুলোর উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।এ বিষয়ে ইউএনও মো. বায়েজিদ-বিন-আখন্দ বলেন, চুনতি বন বিভাগের সহযোগিতায় আধুনগর খাঁন হাট বাজারের পশ্চিম পাশে করাতকলগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে।

বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়া এবং করাতকল লাইসেন্স বিধিমালা লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট করাতকলগুলোকে জরিমানা করা হয়েছে। পরিবেশ ও বনজ সম্পদ রক্ষায় অবৈধ করাতকলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহলের দাবি, শুধু জরিমানা আদায় নয়, অবৈধভাবে কাঠ চেরাই ও বনজ সম্পদের সম্ভাব্য অপব্যবহার রোধে নিয়মিত তদারকি এবং আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।