জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে বিদায় নিলেন মেসি

Jaya Sarkar

প্রকাশ :অক্টোবর ৭, ২০২৬

জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে বিদায় নিলেন মেসি

সারিকা জাহান: দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ফুটবল অধ্যায়ের ইতি টানলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দেশের জার্সিতে শেষবারের মতো মাঠে নেমে আবেগঘন বিদায় নিয়েছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। তবে জাতীয় দল থেকে বিদায় নিলেও ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন তিনি।

আজ বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচটিতে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দুটি গোলে অবদান রাখেন মেসি। তার বিদায়ী ম্যাচটি দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ৮৫ হাজারের বেশি দর্শক।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পর আক্রমণের গতি বাড়ায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে মেসির কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। পরে নিকো পাজের গোলেও অবদান রাখেন মেসি। ম্যাচের ৭০ মিনিটে পেনাল্টি থেকে নিজেই গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচ শুরুর আগে থেকেই মনুমেন্তাল স্টেডিয়ামে ছিল আবেগঘন পরিবেশ। মাঠে প্রবেশের সময় মেসিকে অভ্যর্থনা জানান হাজারো সমর্থক। আর্জেন্টিনার জাতীয় সংগীতের সময়ও আবেগ ধরে রাখতে পারেননি তিনি। গ্যালারিতে থাকা দর্শকেরা বারবার স্লোগান দিয়ে তাঁদের প্রিয় তারকাকে সম্মান জানান।

২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল মেসির। দীর্ঘ এই যাত্রায় তিনি দেশের হয়ে বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা জিতেছেন। জাতীয় দলের হয়ে তাঁর বিদায়ি ম্যাচটি ছিল ২০৮তম। এই সময়ে আর্জেন্টিনার হয়ে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২৬-এ।

মেসির বিদায়ে আর্জেন্টিনার ফুটবলে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল। তবে ক্লাব ফুটবলে এখনো তাঁর পথচলা বাকি। ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ মৌসুম পর্যন্ত চুক্তি থাকায় সমর্থকেরা ক্লাবের জার্সিতে তাঁকে আরও কিছুদিন মাঠে দেখতে পাবেন।

মেসির আবেগঘন বিদায়ী বার্তা: ‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’“সময় এসে গেছে। আমি শান্ত মনে বিদায় নিচ্ছি। নিজের সর্বোচ্চটা দিয়েছি। এই জার্সি ছিল আমার স্বপ্ন, আমার গর্ব এবং আমার জীবন। আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের অনেক মিস করব।”