জাতীয় ডেস্ক: হার্টের রিং ও চোখের লেন্সের খরচ অর্ধেকে নামবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এবারের বাজেট হবে দুর্নীতিমুক্ত। অর্থনৈতিক সংকট, অর্থ পাচারকে বিবেচনায় রেখে বর্তমান বাজেট প্রনয়ণ করা হয়েছে।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রস্তাবিত বাজেট জনগণের জীবনমান উন্নয়নের জন্য এবং বাস্তবতাকে মাথায় রেখে করা হয়েছে।
সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফেরানো বর্তমান বাজেটের লক্ষ্য।
নতুন বাজেট পাস হওয়ার পর দেশে হার্টের রিং (স্টেন্ট) এবং চোখের লেন্সের খরচ প্রায় অর্ধেকে নেমে আসবে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, আমরা হিসাব করে দেখেছি দেশে একজন মানুষের হার্টে স্টেন্ট (রিং) প্রতিস্থাপন করতে ১ লাখ টাকা লাগে তবে এই বাজেট পাস হওয়ার সাথে সাথেই সেই খরচটি প্রায় ৫০ শতাংশে নেমে আসবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান আরো উল্লেখ করেন, এই বাজেটে ৬১ পণ্যের শুল্ক প্রত্যাহারের ফলে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল হয়েছ।
এছাড়া স্বাস্থ্য খাতের চিকিৎসা সামগ্রী ও জীবন রক্ষাকারী আমদানিতে ভ্যাট ও আগাম কর প্রত্যাহারের বড় উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও প্রধানমন্ত্রী জানান।
-প্রেসপয়েন্টবিডি/জাতীয়













