অতিন বিশ্বাস: আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সারাদেশে প্রায় ১০ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হবে। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তাঁরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে বিজিবি।
সোমবার (১২ অক্টোবর) বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য জানান।
তিনি বলেন, দুর্গাপূজা ঘিরে একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর আওতায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে এবং বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরের কাছাকাছি এলাকাসহ মোট ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপে নিরাপত্তা সহায়তা দেওয়া হবে।
নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন, পুলিশ এবং পূজা উদ্যাপন কমিটির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা। সম্ভাব্য ঝুঁকি আগেই চিহ্নিত করা, গুজব ও সাম্প্রদায়িক উসকানির বিষয়ে সতর্ক থাকা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দূরবর্তী ও দুর্গম এলাকায় দ্রুত টহল এবং নিরাপত্তা সহায়তা পৌঁছে দিতে প্রয়োজন অনুযায়ী অস্থায়ী ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রত্যন্ত এলাকার পূজামণ্ডপগুলোতেও প্রয়োজনীয় নিরাপত্তা সহায়তা দেওয়া সহজ হবে।
রাজধানী ঢাকায় বিজিবি সদস্যদের মোতায়েন ও দায়িত্বের পরিধি সরকারের নির্দেশনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী নির্ধারণ করা হবে। প্রয়োজন অনুসারে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে টহল, গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা সহায়তা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার প্রস্তুতি থাকবে।
বিজিবির পরিচালক (অপারেশন) বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে, নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে তাঁদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে বাহিনী সর্বাত্মকভাবে প্রস্তুত থাকবে।
দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন এবং পূজা উদ্যাপন কমিটির সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি যেকোনো গুজব বা উসকানিমূলক তথ্য যাচাই ছাড়া প্রচার না করা এবং সন্দেহজনক পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।














