অতিন বিশ্বাস: রাজধানী ঢাকায় ডেঙ্গুর পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মোট ৩৫টি এলাকাকে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকার বিভিন্ন বাড়িঘর ও স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় সংক্রমণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান জোরদার করেছে নগর কর্তৃপক্ষ।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মিরপুর, মোহাম্মদপুর, শ্যামলী, মহাখালী, গুলশান, বাড্ডা ও উত্তরাসহ ১৮টি এলাকায় ডেঙ্গুর ঝুঁকি বেশি। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ধানমন্ডি, শাহবাগ, সেগুনবাগিচা, খিলগাঁও, লালবাগ ও যাত্রাবাড়ীসহ ১৭টি এলাকায় হটস্পট চিহ্নিত হয়েছে।
নগরীর বিভিন্ন এলাকায় মশকনিধন কার্যক্রম চললেও স্থির পানি জমে থাকা, অপরিচ্ছন্ন পরিবেশ এবং বাড়িঘরের বিভিন্ন স্থানে এডিস মশার প্রজননস্থল তৈরি হওয়া নিয়ে উদ্বেগ রয়েছে। ডিএনসিসি জানিয়েছে, কিছু এলাকায় পরিদর্শনের সময় বিপুল পরিমাণ এডিসের লার্ভা পাওয়া গেছে। কোথাও কোথাও লার্ভার উপস্থিতি বেশি থাকায় সংশ্লিষ্টদের জরিমানাও করা হয়েছে।
ডিএনসিসি ও ডিএসসিসি বলছে, শুধু সিটি করপোরেশনের মশকনিধন কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বাড়ি, ছাদ, নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত জায়গা ও বিভিন্ন স্থাপনায় যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে নগরবাসীকেও সচেতন হতে হবে। এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে। তাই নিয়মিত বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন এলাকাতেও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলতি বছরে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ হাজার ৬৯৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ছয়জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৫ জনে।
চলতি সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মাসের শুরু থেকে রোগী ও মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি নিয়ে সতর্ক করছেন। এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়েও এক দিনে ১ হাজার ৭০০-এর বেশি রোগী হাসপাতালে ভর্তি হওয়ার রেকর্ড হয়েছিল।
কীটতত্ত্ববিদদের মতে, সেপ্টেম্বরই ডেঙ্গুর সর্বোচ্চ সময় এমন নয়; অক্টোবরে সংক্রমণ আরও বাড়তে পারে। তবে বর্তমানে চলমান মশকনিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম কার্যকরভাবে পরিচালনা করা গেলে পরিস্থিতির অবনতি ঠেকানো সম্ভব।
এ অবস্থায় রাজধানীবাসীকে বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা।














