
বাপ্পা মজুমদার: ভারতে সম্প্রতি শুরু হওয়া ব্যাঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন 'ককরোচ জনতা পার্টি' (CJP) এবার পার করলো আন্তর্জাতিক সীমান্ত। ভারতে ঝড়ের গতিতে জনপ্রিয় হওয়া এই ট্রেন্ডে অনুপ্রাণিত হয়ে প্রতিবেশী দেশ পাকিস্তানেও এখন গড়ে উঠছে একই ধরনের ব্যাঙ্গাত্মক পেজ ও গ্রুপ।
গত ১৫ মে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত একটি মামলার শুনানির সময় ভুয়া ডিগ্রিধারী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় কিছু বেকার যুবককে "তেলাপোকা" (Cockroach) ও "সমাজের পরজীবী" হিসেবে মন্তব্য করেন বলে খবর ছড়ায়, (যদিও পরবর্তীতে তিনি স্পষ্ট করেন, তাঁর মন্তব্যটি কেবল ভুয়া ডিগ্রিধারীদের উদ্দেশ্যেই ছিল)।
প্রধান বিচারপতির এই মন্তব্যের প্রতিবাদে ১৬ মে ভারতের এক তরুণ অভিজিৎ দিপকে চালু করেন 'ককরোচ জনতা পার্টি' (CJP)। 'অলস ও বেকারদের কণ্ঠস্বর' হিসেবে তৈরি হওয়া এই পেজটি মাত্র ৫ দিনে ইনস্টাগ্রামে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং বিরোধী দল কংগ্রেসের অফিশিয়াল ফলোয়ার সংখ্যাকেও ছাড়িয়ে যায়।
ভারতের এই 'ককরোচ' বিপ্লব ও তরুণদের ভাইরাল ক্ষোভ দ্রুত নজরে আসে পাকিস্তানি নেটিজেনদের। পাকিস্তানে চালু হওয়া ইনস্টাগ্রাম পেজটির নাম 'ককরোচ আওয়ামী পার্টি' যার স্লোগান "যাদের এই রাষ্ট্রব্যবস্থা তেলাপোকা ভেবেছে, আমরা সেই জনতারই কণ্ঠস্বর।"
ভারতে এই আন্দোলনের জনপ্রিয়তা এতোটাই তীব্র রূপ নেয় যে, দেশটির সরকার ইতিমধ্যে জাতীয় নিরাপত্তার অজুহাতে ককরোচ জনতা পার্টির অফিশিয়াল 'এক্স' অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দিয়েছে। বর্তমানে এর ফলোয়ার সংখ্যা প্রায় ২ কোটির কাছাকাছি।
/ডেক্স রিপোর্ট/












