মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান,চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মহোদয়ের নির্দেশক্রমে দেশব্যাপী কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আয়োজিত প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় নগরীর ছোটপুলস্থ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানার কাবাডি দল অংশ নেয়।
*প্রথম পর্বের খেলায় রাঙ্গুনিয়া থানা ৩৮-৩৩ পয়েন্টে চন্দনাইশ থানাকে, বোয়ালখালী থানা ৫৩-১৭ পয়েন্টে সীতাকুণ্ড থানাকে, ফটিকছড়ি থানা ৪২-৩৮ পয়েন্টে সাতকানিয়া থানাকে, লোহাগাড়া থানা ৪৩-১৩ পয়েন্টে রাউজান থানাকে এবং আনোয়ারা থানা ৩৬-১৪ পয়েন্টে পটিয়া থানাকে পরাজিত করে পরবর্তী পর্বে উন্নীত হয়।
*কোয়ার্টার ফাইনালে বাঁশখালী থানা ৪৬-১৯ পয়েন্টে রাঙ্গুনিয়া থানাকে ২৭ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। অপর ম্যাচে মিরসরাই থানা ৪৬-৩৭ পয়েন্টে বোয়ালখালী থানাকে ৯ পয়েন্টের ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয়।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে ইতিবাচক ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি সুদৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য। এ ধরনের ক্রীড়া আয়োজন কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বেগবান করবে।













