মো: আব্দুল্লাহ মামুন সোহান,চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর ব্যাগেজ থেকে ৮ লাখ টাকা বাজারমূল্যের ১ হাজার ৩০০ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
আজ শনিবার (৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব প্রসাধনী জব্দ করা হয়। জব্দ করা ক্রিমের মোট ওজন প্রায় ৪০ কেজি।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রামে আসেন মোহাম্মদ জাহেদ নামের এক যাত্রী। তাঁর ব্যাগেজ স্ক্যানিং ও তল্লাশি করে ১ হাজার ৩০০ পিস ‘ফ্রেশ অ্যান্ড হোয়াইট বিউটি ক্রিম’ উদ্ধার করা হয়।কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে আগে থেকেই বিমানবন্দরে সতর্ক অবস্থান নিয়েছিলেন তাঁরা। পরে সন্দেহভাজন যাত্রীর ব্যাগেজ পরীক্ষা করে আমদানি নিষিদ্ধ এসব প্রসাধনী পাওয়া যায়।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এসব প্রসাধনী আমদানি প্রযোজ্য আমদানি নীতি আদেশের বিধান লঙ্ঘন করে। অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ প্রসাধনী বাজারে ছড়িয়ে পড়লে জনস্বাস্থ্যের ক্ষতি হতে পারে। এ কারণে বিমানবন্দরসহ দেশের বিভিন্ন প্রবেশপথে নজরদারি জোরদার করা হয়েছে।সিআইআইডি জানিয়েছে, অবৈধভাবে আমদানি করা প্রসাধনী ও জনস্বাস্থ্যের জন্য সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পণ্যের প্রবেশ ঠেকাতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
বিমানবন্দরে এ ধরনের পণ্য জব্দের ঘটনা নতুন নয়। এর আগেও বিভিন্ন সময়ে দুবাইসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আসা যাত্রীদের ব্যাগেজে নিষিদ্ধ প্রসাধনী ও অন্যান্য পণ্য পাওয়া গেছে। এসব ঘটনায় কাস্টমস কর্তৃপক্ষ আমদানি নীতি ও সংশ্লিষ্ট বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকে।জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।














