চরম্বা ইউনিয়নে টংকাবতী খালের ভাঙনরোধ প্রকল্প পরিদর্শনে এমপি

Jaya Sarkar

প্রকাশ :সেপ্টেম্বর ২৭, ২০২৬

মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান,চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি চরম্বা ইউনিয়নের টংকাবতী খালের ভাঙনরোধে চলমান উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি খালের ভাঙনপ্রবণ বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন। এসময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ভাঙনের কারণে তাদের বসতবাড়ি, ফসলি জমি ও চলাচলের রাস্তার ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে এমপি শাহজাহান চৌধুরী ভাঙনরোধে টেকসই ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা দেন। তিনি বলেন, টংকাবতী খালের ভাঙন রোধ করা গেলে চরম্বাসহ আশপাশের এলাকার মানুষের ঘরবাড়ি, কৃষিজমি, সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা পাবে এবং জনজীবন স্বাভাবিক থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে প্রকল্পের কাজের মান, বর্তমান অগ্রগতি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তিনি।