জাতীয় ডেস্ক: ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ।
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সরকারের মিশ্র-বহর (মিক্সড-ফ্লিট) কৌশলের অংশ হিসেবে ইউরোপীয় নির্মাতা এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ এয়ারলাইন্স
মঙ্গলবার (২১ জুলাই) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ৩১ আগস্ট ২০২৬-এর মধ্যে এয়ারবাসের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা করছে সরকার।
নতুন ক্রয়কৃত উড়োজাহাজ ২০৩১ সাল থেকে বাংলাদেশ এয়ারলাইন্স বিমানের বহরে যুক্ত হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রস্তাবিত বহরে রয়েছে চারটি এ৩৫০-৯০০ ওয়াইডবডি এবং ছয়টি এ৩২১নিও ন্যারোবডি উড়োজাহাজ।
এরমধ্যে এ৩৫০-৯০০ দূরপাল্লার রুটে এবং এ৩২১নিও আঞ্চলিক, গালফ ও এশিয়ার মাঝারি দূরত্বের রুটে যাতায়াতের জন্য পরিচালিত হবে।
এর আগে বিমান ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছিল।
নতুন এয়ারবাস যুক্ত হলে ভবিষ্যতে সংস্থাটির বহরে বোয়িং ও এয়ারবাস উভয় নির্মাতার উড়োজাহাজ থাকবে।
সরকার চায় ২০৩৪-৩৫ অর্থবছরের মধ্যে বিমানের বহরে অন্তত ৪৭টি উড়োজাহাজে যুক্ত হোক।
-প্রেসপয়েন্টবিডি/জাতীয়













