বাপ্পা মজুমদার: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী ভারত বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
বাংলাদেশে দায়িত্ব পালন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। রবিবার (২৪ মে) বিকেলে
বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে হাইকমিশনার প্রণয় ভার্মার গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানান
এবং তার ভবিষ্যৎ কূটনৈতিক অ্যাসাইনমেন্টের সফলতা কামনা করেন।
বহুমুখী সম্পর্ক গভীর করার প্রত্যয় বৈঠকে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ভারত ও বাংলাদেশের জনগণের পারস্পরিক কল্যাণ
ও অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে দুই দেশের বহুমুখী সহযোগিতা আরও গভীর করার বিষয়ে ভারতের গভীর আগ্রহের কথা জানান করেন।
তিনি বলেন, দ্রুত বিকাশমান দুটি প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ও ভারতের ভৌগোলিক নৈকট্য কোনো দায় নয়, বরং
এটি উভয় দেশের জন্যই একটি বড় সম্পদ।
এই নৈকট্যকে কাজে লাগিয়ে বাণিজ্য, কানেক্টিভিটি এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ওপর তিনি জোর দেন।
তিনি আরো বলেন, দুই দেশের ভবিষ্যৎ নিয়ে আমি আশাবাদী হয়ে বাংলাদেশ ত্যাগ করছি।
পারস্পরিক আগ্রহ, কল্যাণ ও শ্রদ্ধার ওপর ভিত্তি করে গঠিত এই সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে।
২০২২ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে ভারতের ১৮তম হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন প্রণয় ভার্মা।
প্রায় চার বছর বাংলাদেশে অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালনের পর তাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (EU) ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
















