ব্যাংককে ভারী বৃষ্টি ও বন্যায় যান চলাচল ব্যাহত

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :সেপ্টেম্বর ২৬, ২০২৬

ব্যাংককে ভারী বৃষ্টি ও বন্যায় যান চলাচল ব্যাহত

সেতু মাহমুদ: টানা ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে নগরীর বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি কয়েকটি এলাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় শহরের ৫০টি জেলাকেই দুর্যোগকবলিত এলাকা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে ব্যাংককের বিভিন্ন এলাকায় ব্যাপক পানি জমেছে। কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ১৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শহরের মধ্য ও পূর্বাঞ্চলের বেশ কয়েকটি সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

বন্যার পানিতে অনেক গাড়ি আটকে পড়েছে। কোথাও কোথাও মোটরসাইকেল চালকদের পানির মধ্য দিয়ে গাড়ি ঠেলে নিতে দেখা গেছে। পানি জমে যাওয়ায় কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যানজট তৈরি হয়েছে এবং কিছু আঞ্চলিক বাস চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ছোট গাড়ির চালকদের কয়েকটি প্লাবিত সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ব্যাংকক কর্তৃপক্ষ।

ব্যাংককের গভর্নর চ্যাডচার্ট সিত্তিপুন্ত বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে খাল ও নিচু এলাকার বাসিন্দাদের মূল্যবান জিনিসপত্র উঁচু স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নগরীতে দুই শতাধিক আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে এবং শত শত মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন।

থাইল্যান্ডের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ২৬ ও ২৭ সেপ্টেম্বর দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ব্যাংকক ও আশপাশের এলাকায় সক্রিয় নিম্নচাপ এবং শক্তিশালী দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। এতে আকস্মিক বন্যা, নদী-খাল উপচে পড়া এবং জলাবদ্ধতার ঝুঁকি আরও বাড়তে পারে।

এদিকে বন্যার কারণে ব্যাংককের ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন জীবনেও প্রভাব পড়েছে। বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিমান চলাচল স্বাভাবিক থাকলেও আবহাওয়াজনিত কারণে কিছু ফ্লাইটে বিলম্ব হতে পারে বলে জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টি কমলে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের চেষ্টা করা হচ্ছে। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আরও বৃষ্টি হলে পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই নগরবাসীকে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলতে এবং প্লাবিত সড়ক দিয়ে চলাচল এড়িয়ে যেতে বলা হয়েছে।

আরো পড়ুন...

তুরস্ককে ১–০ গোলে হারিয়েছে ফ্রান্স