সেতু মাহমুদ: ইতালির ভেনিসে হেনস্তা ও শারীরিকভাবে আক্রমণের শিকার হওয়ার অভিযোগ করেছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বর্তমানে ইতালিতে অবস্থান করছেন তিনি।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভেনিসের একটি এলাকায় এ ঘটনা ঘটে বলে বাঁধনের অভিযোগ। তার ভাষ্য অনুযায়ী, একদল প্রবাসী বাংলাদেশি তাকে ঘিরে হেনস্তা করেন। এ সময় তার দিকে পানি, কোমল পানীয় ও পচা ডিম ছুড়ে মারা হয়। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজের অভিজ্ঞতার কথা জানান বাঁধন। তিনি দাবি করেন, হামলাকারীরা তার সঙ্গে থাকা মোবাইল ফোন ফেলে দেন এবং তাকে শারীরিকভাবে আঘাত করেন। এ সময় তার ভাই ও পরিবারের একটি শিশুও সেখানে উপস্থিত ছিল বলে জানান তিনি।
বাঁধনের অভিযোগ, রাজনৈতিক অবস্থান ও অতীতে জুলাইয়ের আন্দোলনে তার সমর্থনের বিষয়কে কেন্দ্র করেই তাকে লক্ষ্য করা হয়।হামলাকারীদের কয়েকজন নিজেদের একটি রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দিয়েছেন বলেও তিনি দাবি করেন।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এখনো পাওয়া যায়নি। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজনকে বাঁধনের দিকে এগিয়ে যেতে এবং তাকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করতে দেখা যায়। ভিডিওটির পূর্ণাঙ্গ সত্যতা ও ঘটনার সবকিছু স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
লাইভে বাঁধনের মুখে আঘাতের চিহ্ন ও ফোলা ভাব দেখা যায়। তিনি জানান, ঘটনার পর বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেছেন।ভেনিস চলচ্চিত্র উৎসরে অংশ নিতে ইতালিতে যাওয়া বাঁধনের জন্য ঘটনাটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ, হামলায় কারা জড়িত এবং তাদের বিরুদ্ধে ইতালির নীয় কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা নিয়েছে এসব বিষয়ে আনুষ্ঠানিক তদন্তের ফলাফল এখনো সামনে আসেনি। অভিযোগের সত্যতা নির্ধারণে স্থানীয় কর্তৃপক্ষের তদন্ত ও সংশ্লিষ্ট সবার বক্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।













