অতিন বিশ্বাস: জ্বালানি তেল নিয়ে নতুন নির্দেশনা।
দেশের জ্বালানি তেলের ব্যবহার কমাতে ও সরকারি ব্যয় সাশ্রয়ে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। উক্ত নির্দেশনায় সরকারি সভা, কর্মশালা
ও প্রশিক্ষণ কার্যক্রমে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত করার নির্দেশনা দিয়েছে সরকার।
মঙ্গলবার (২ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখা থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে সশরীরে উপস্থিতির চেয়ে ভার্চুয়াল বা অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হওয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনাটি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিব, সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক
এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে জ্বালানি তেলের ব্যবহার কমাতে এমন পদক্ষেপ নেয়া হয়েছে।
তবে কোনো বিশেষ বা জরুরি প্রয়োজন দেখা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে সশরীরে উপস্থিতির মাধ্যমে সভা বা কর্মশালার আয়োজন করতে পারবেন।
বিভাগীয় পর্যায়ের কোনো কর্মসূচিতে জেলা পর্যায়ের কর্মকর্তাদের এবং জেলা পর্যায়ের কর্মসূচিতে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতি যথাসম্ভব অনলাইনের মাধ্যমে নিশ্চিত করতে হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় জানানো হয়েছে, বিশ্ববাজারের জ্বালানি পরিস্থিতি বিবেচনায় তেলের অপচয় রোধ করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।
এর মাধ্যমে একদিকে যেমন যাতায়াতজনিত সরকারি জ্বালানি খরচ ও সময় বাঁচবে, অন্যদিকে প্রশাসনিক কার্যক্রম আরও আধুনিক, কার্যকর ও গতিশীল হবে।
প্রজ্ঞাপনে আরো বলা হয় নতুন এই প্রজ্ঞাপন জারির পর একই বিষয়ে গত ১২ এপ্রিল দেওয়া পূর্ববর্তী নির্দেশনাটি বাতিল ঘোষণা করা হয়েছে।
সরকারের এই সিদ্ধান্তটি ইতোমধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব মন্ত্রণালয়ের সচিব,
বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।













