জয়শ্রী সরকার/ বিনোদন ডেস্ক,: বাংলা চলচ্চিত্র জগতের তথা টলিউডের মহানায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভারতের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ পদকে ভূষিত হয়েছেন।
সোমবার (২৫ মে) নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর হাতে এই সম্মান তুলে দেন।
জীবনের এমন গৌরবময় মূহুর্তে সম্পূর্ণ বাঙালি পোশাকে (ধুতি ও কুর্তা) পরে রাষ্ট্রপতির সামনে হাজির হয়েছিলেন প্রসেনজিৎ তথা বুম্বাদা।
দেশের অন্যতম শীর্ষ এই সম্মাননা গ্রহণের সময় টলিউডের এই কিংবদন্তি অভিনেতাকে বেশ আবেগপ্রবণ দেখায়। দিল্লি সফরকালে তাঁর এমন বিশেষ মুহূর্তে পাশে ছিলেন ছেলে ত্রিশাঞ্জিত চট্টোপাধ্যায়ও।
চলচ্চিত্র শিল্পে দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে অনন্য ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার তাঁকে এই সম্মাননায় ভূষিত করেছে।
১৯৬৮ সালে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করার পর ‘অমর সঙ্গী’ ছবির মাধ্যমে নায়ক হিসেবে জয়যাত্রা শুরু করেন তিনি।
এরপর বাংলা সিনেমার চরম দুঃসময়ে একাই হাল ধরে টলিউডকে খাদের কিনারা থেকে টেনে তুলেছেন, উপহার দিয়েছেন সাড়ে তিন শতাধিক সিনেমা।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, এই সম্মানটি শুধু আমার একার অর্জন নয়; এটি আমার প্রযোজক, পরিচালক, সহ-শিল্পী এবং গত চার দশক ধরে পাশে থাকা দর্শকদের ভালোবাসা।
আজ এই আনন্দের দিনে মা-কে খুব মনে পড়ছে। আমার জীবনের পেছনে মায়ের আত্মত্যাগ সবচেয়ে বেশি। তিনি আজ থাকলে হয়তো সবচেয়ে বেশি খুশি হতেন।













