ক্রীড়া শিক্ষক নিয়োগ নিয়ে সুখবর দিল সরকার  

Ahmed Siam

প্রকাশ :নভেম্বর ৯, ২০২৬

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

আহমেদ সিয়াম: 

দেশের উপজেলা পর্যায়ে ১১ হাজার ৮৮০ জন ক্রীড়া শিক্ষক নিয়োগ দিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংসদে জানিয়েছেন তিনি।

সোমবার জাতীয় সংসদে সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

আমিনুল হক জানান, ইউনিয়ন পর্যায় থেকে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। মোট ১০টি ইভেন্টে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। ইভেন্টগুলো হলো ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস, সাঁতার, দাবা ও মার্শাল আর্ট।

সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী তাঁর প্রশ্নে তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা রক্ষা, মাদকাসক্তি এবং কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ার ঝুঁকি কমানোর বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি তরুণদের ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করতে শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনগুলোর সমন্বয়ে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও প্রশিক্ষণের ব্যবস্থা এবং উন্মুক্ত ক্রীড়া কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা জানতে চান তিনি।

জবাবে প্রতিমন্ত্রী বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আন্তমন্ত্রণালয় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ৪৯৫টি উপজেলা ক্রীড়া অফিস এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রতিটি উপজেলায় আটটি ইভেন্টের প্রতিটিতে তিনজন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এভাবে মোট ১১ হাজার ৮৮০টি পদে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই ক্রীড়াক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিচ্ছে। এর লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা, তাদের বিকাশের সুযোগ তৈরি এবং তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা।