রমজানের আগে ১০ পণ্যে বিশেষ ছাড়

Ahmed Siam

প্রকাশ :নভেম্বর ৮, ২০২৬

বাংলদেশ ব্যাংক

আহমেদ সিয়াম:

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে ১০ ধরনের পণ্য আমদানিতে এলসি খোলার নগদ মার্জিন কম রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমদানিকারকদের সঙ্গে ব্যাংকের সম্পর্কের ভিত্তিতে এ মার্জিন নির্ধারণের সুযোগ দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ নির্দেশনা জারি করে। দেশের সব তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের পাঠানো চিঠিতে রমজান সামনে রেখে প্রয়োজনীয় পণ্য আমদানির ঋণপত্র খোলার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনাও রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, রোজায় চাল, গম বা আটা, পেঁয়াজ, ডাল, সয়াবিন ও পাম তেলসহ ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুরের চাহিদা বহুগুণ বেড়ে যায়। এই বাড়তি চাহিদা মোকাবিলায় আমদানি প্রক্রিয়া সহজ করা এবং বাজারে পণ্যের সরবরাহ অব্যাহত রাখা জরুরি। একই সঙ্গে ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে দাম ধরে রাখাও এ উদ্যোগের উদ্দেশ্য।

এ জন্য সংশ্লিষ্ট পণ্য আমদানিতে ব্যবসায়ীদের কাছ থেকে বেশি নগদ অর্থ জমা নেওয়ার পরিবর্তে ব্যাংকগুলোকে গ্রাহকের সঙ্গে সম্পর্ক বিবেচনা করে ন্যূনতম নগদ মার্জিনে এলসি খোলার ব্যবস্থা করতে বলা হয়েছে। এতে আমদানির শুরুতেই ব্যবসায়ীদের ওপর আর্থিক চাপ কমবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। আগামী ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত এটি দেশের সব ব্যাংকের জন্য প্রযোজ্য থাকবে।