শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চলে বিজিবি মোতায়েন

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :নভেম্বর ৮, ২০২৬

শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চলে বিজিবি মোতায়েন

অতিন বিশ্বাস:

শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পোশাক কারখানাসহ গুরুত্বপূর্ণ শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আজ রোববার (৮ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, রাজধানীর মিরপুর, সাভার ও আশুলিয়া, গাজীপুর এবং নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্প এলাকায় সদস্যরা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে মিরপুরে ৩ প্লাটুন, সাভার ও আশুলিয়ায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।

শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে আধুনিক প্রযুক্তির সহায়তাও নেওয়া হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোনের মাধ্যমে সরাসরি নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের শরীরে বডি ওর্ন ক্যামেরা এবং ইম্প্রোভাইজড বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।

বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে মাঠপর্যায়ের নিরাপত্তা কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে। এতে শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানের পরিস্থিতি দ্রুত পর্যালোচনা এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া সহজ হবে বলে মনে করা হচ্ছে।

এ ছাড়া নিরাপত্তা কার্যক্রমে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) ও রায়ট কন্ট্রোল ভেহিকল (আরসিভি) মোতায়েন রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম বজায় রাখা, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিল্পপ্রতিষ্ঠানের সম্পদ সুরক্ষায় নজর দেওয়া হচ্ছে।

বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।