সৈয়দ আতিক ফয়সাল, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) বিতর্ক সংগঠন অব লিবারেল ডিবেটার্স বাংলাদেশের (গোল্ড বাংলাদেশ) উদ্যোগে আয়োজিত ‘৭ম গোল্ড জাতীয় বিতর্ক উৎসব’-এ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) বিতর্ক দল ‘জুডো সংশপ্তক’কে হারিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) বিতর্ক দল ‘অপরাজেয়-বাংলা’ বিজয়ী হয়েছে। এতে সেরা বিতার্কিক নির্বাচিত হন ঢাবির মিফতাহুল জান্নাত রিফাত।
আজ শনিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা মুক্তমঞ্চের সামনে ঢাবি ও জাবির মধ্যে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। বিতর্কে ১৮টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয়-বাংলা দলের সদস্যরা মিফতাহুল জান্নাত রিফাত, উম্মে সুহালা এবং সাজিদ মাহমুদ।
অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘জুডো সংশপ্তক’ দলের সদস্যরা হলেন দুর্বার, হাসিব এবং সাদমান কৌশিক। অংশগ্রহণকারী অন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এর আগে গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনে চারটি প্রাথমিক রাউন্ড এবং কোয়ার্টার ফাইনালসহ মোট পাঁচ রাউন্ডের বিতর্ক অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকালে একই ভবনে অনুষ্ঠিত হয় সেমিফাইনাল পর্বের বিতর্ক। পরবর্তীতে আজ বিকাল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা মুক্তমঞ্চে আন্তঃবিশ্ববিদ্যালয় ফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হয়।
আয়োজকদের ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম বলেন, ‘আমার প্রত্যাশা থাকবে এই প্রতিযোগিতায় যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে তারা নিজেদেরকে তৈরি করে প্রত্যেকে পরবর্তী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
আয়োজনের সমাপনী পর্বে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। পাশাপাশি আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে সংগীত, আবৃত্তি, চিত্রকলা ও সংস্কৃতির সমন্বিত উপস্থাপনা।














