আহমেদ সিয়াম:
খুলনায় কালো কালি দিয়ে বিকৃত করে দেওয়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্রটি নতুন করে আঁকার কাজ শুরু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে ছবিটি পরিদর্শন শেষে এ উদ্যোগের কথা জানান খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
নগরীর শিববাড়ী মোড়ে রেলওয়ে স্টেশনের সীমানাপ্রাচীরে আঁকা প্রতিকৃতিটি পরিদর্শন করেন তিনি। এ সময় ঘটনাটিকে অসম্মানজনক ও বিদ্বেষমূলক আখ্যা দিয়ে ক্ষোভ ও নিন্দা জানান কেসিসি প্রশাসক।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন দেয়ালে খুলনার ঐতিহ্য, উন্নয়ন এবং বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি আঁকা হয়েছে। এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও ছিল। কিন্তু কে বা কারা সেই প্রতিকৃতিতে কালো কালি লেপে দিয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।
তিনি বলেন, মানুষের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকতেই পারে। তবে তা প্রকাশের নামে এমন কিছু করা উচিত নয়, যা অসম্মানজনক বা সমাজে বিদ্বেষ ছড়ায়। একটি ছবি মুছে ফেললেই কোনো ব্যক্তিকে অস্বীকার করা যায় না। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
কেসিসি প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে বাংলাদেশকে ঐক্যবদ্ধ জাতি হিসেবে গড়ে তোলার যে প্রত্যয় জানিয়েছেন, তা বাস্তবায়নে সবার সম্প্রীতি বজায় রাখা প্রয়োজন। ধর্মীয় বিদ্বেষমুক্ত এবং সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত হয়—এমন বাংলাদেশ গড়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
দেয়ালচিত্র বিকৃতির ঘটনায় পুলিশকে অবহিত করা হয়েছে জানিয়ে নজরুল ইসলাম মঞ্জু বলেন, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে। ভবিষ্যতে যেন কেউ এ ধরনের কাজে জড়িত না হয়, সেটিই তাঁদের প্রত্যাশা।
এর আগে প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষে নগরীর বিভিন্ন দেয়ালে কবি, সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিকৃতি আঁকে কেসিসি। শিববাড়ী মোড়ের রেলওয়ে স্টেশনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতির মুখ কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়। পাশাপাশি রবীন্দ্রবিরোধী বক্তব্যসংবলিত দুটি লিফলেটও সাঁটানো হয়। শুক্রবার দুপুরে বিষয়টি সামনে আসে।
লিফলেট দুটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথের ভূমিকা নিয়ে অভিযোগ তুলে বিভিন্ন বক্তব্য লেখা ছিল। ওই দেয়ালচিত্রে রবীন্দ্রনাথের পাশাপাশি কাজী নজরুল ইসলাম, খালেদা জিয়া, জিয়াউর রহমান ও মাইকেল মধুসূদন দত্তের প্রতিকৃতিও রয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর নগরীতে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, শুক্রবার সড়কের বিপরীত পাশের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কারা বা কখন দেয়ালচিত্রটি বিকৃত করেছে, তা জানা যায়নি। বিষয়টি জানার পর পুলিশ খোঁজখবর শুরু করেছে।














