অতিন বিশ্বাস:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাঁদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় বিএনপির জ্যেষ্ঠ নেতারাও প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দুই নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। পরে বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে তারেক রহমান ও উপস্থিত নেতারা পবিত্র ফাতেহা পাঠ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেনসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। মন্ত্রিসভার সদস্য ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী সমাধিস্থল ত্যাগ করলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বিএনপি সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে শনিবার সকাল ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এদিন বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করার কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এতে অংশ নেওয়ার কথা রয়েছে। শোভাযাত্রাটি কাকরাইল, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হওয়ার কথা।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাবলিকে স্মরণ করে বাংলাদেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়। দিনটি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।














