মিয়ানমারে সার পাচারের সময়, অভিযানে জব্দ বিপুল পরিমাণ ইউরিয়া

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :নভেম্বর ৭, ২০২৬

মিয়ানমারে সার পাচারের সময়, অভিযানে জব্দ বিপুল পরিমাণ ইউরিয়া

মো: আব্দুল্লাহ মামুন সোহান,চট্টগ্রাম প্রতিনিধি:

দেশের বিভিন্ন উপকূলীয় এলাকা ব্যবহার করে মিয়ানমারে ইউরিয়া সার পাচারের চেষ্টার অভিযোগে ধারাবাহিক অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চট্টগ্রামের মিরসরাই থেকে ভোলার চরফ্যাশন পর্যন্ত কয়েকটি অভিযানে বিপুল পরিমাণ সার, ট্রাক, বোট ও ট্রলার জব্দ করা হয়েছে। এসব ঘটনায় একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সাম্প্রতিক অভিযানগুলোর মধ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে গত ২৫ সেপ্টেম্বর কোস্ট গার্ডের অভিযানে ৪৮ টন ইউরিয়া সার জব্দ করা হয়। ইছাখালী ঘাট এলাকায় চারটি ট্রাক থেকে মাছ ধরার একটি নৌকায় সার স্থানান্তরের সময় অভিযান চালানো হয়। এ সময় ৯৬০ বস্তা সার, চারটি ট্রাক ও একটি নৌকাসহ তিনজনকে আটক করা হয়। জব্দ করা সারের আনুমানিক মূল্য ছিল ৩৩ লাখ ৬০ হাজার টাকা।

এরপর ৩১ অক্টোবর মিরসরাইয়ের মুহুরী প্রকল্প এলাকায় জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০১ বস্তা ইউরিয়া সার উদ্ধার করে। দুটি ড্রাম ট্রাকে এসব সার পরিবহন করা হচ্ছিল। এ ঘটনায় মোট আটজনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। জব্দ করা সারের বাজারমূল্য আনুমানিক ৩ লাখ ৭৬ হাজার টাকা।

এদিকে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা-সংলগ্ন তেঁতুলিয়া নদীতে ৪ নভেম্বর দিবাগত রাতে অভিযান চালায় কোস্ট গার্ড। ৫ নভেম্বর এ তথ্য জানানো হয়। অভিযানে একটি বোট থেকে ৪৯২ বস্তা বা ২৪ হাজার ৬০০ কেজি ইউরিয়া সার জব্দ করা হয়। এ সময় বোটসহ আটজনকে আটক করা হয়। জব্দ করা সারের আনুমানিক মূল্য ৬৬ লাখ ১৬ হাজার টাকা।

সর্বশেষ ৬ নভেম্বর রাতে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকার কচ্ছপিয়া মোড়ে জোরারগঞ্জ থানা পুলিশ ৩০০ বস্তা বা ১৫ টন ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়। পুলিশ জানায়, ট্রাকটি নরসিংদীর ঘোড়াশাল থেকে এসেছিল। সারগুলো বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, এসব ঘটনায় জব্দ করা সার ও পরিবহনে ব্যবহৃত যানবাহনের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধেও সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দেশে কৃষিকাজের জন্য সরকারি ভর্তুকিতে সরবরাহ করা ইউরিয়া সার অবৈধভাবে অন্য দেশে পাচারের অভিযোগ উদ্বেগ তৈরি করেছে। এ ধরনের পাচার রোধে উপকূলীয় এলাকা, নদীপথ ও সড়কে নজরদারি বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলছেন সংশ্লিষ্টরা।