‎রাবিতে অনুষ্ঠিত হচ্ছে ৭ম গোল্ড জাতীয় বিতর্ক উৎসব

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :নভেম্বর ৪, ২০২৬

‎রাবিতে অনুষ্ঠিত হচ্ছে ৭ম গোল্ড জাতীয় বিতর্ক উৎসব

সৈয়দ আতিক ফয়সাল, রাবি প্রতিনিধি:

বিতার্কিক সংগঠন ‘গোল্ড বাংলাদেশ’ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার এর আয়োজনে আগামী ৬ ও ৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ম গোল্ড জাতীয় বিতর্ক উৎসব ২০২৬।

‎আজ বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ ভাস্কর্যের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক আবু নাঈম জানান, এবারের উৎসবের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: “বদ্ধ বুদ্ধির বধ্যভূমে চিন্তার অভ্যুত্থান”। এবারের উৎসবটি দুটি পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে। একটি আন্তঃকলেজ এবং অন্যটি আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়। আন্তঃকলেজ পর্যায়ে দেশের বিভিন্ন কলেজের বিতার্কিক দল এবং আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে দেশের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল অংশগ্রহণ করবে। ইতোমধ্যে আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের নিবন্ধন সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের মোট ১৮টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল এবং ১২টি কলেজ এবারের আয়োজনে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছে।

অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আহ্ছানউল্লা মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং সোনারগাঁও ইউনিভার্সিটি।

‎দল বাছাই এবং বিচারক নির্ধারণ নিয়ে তিনি আরও জানান, আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্লাব এবং কলেজকে সুযোগ দিয়েছি। অনলাইনে ২ মাস ব্যাপী আমরা বিভিন্ন ক্যাম্পাসে প্রচারণা চালায়। বাছাইকৃত মোট ৩২টি দলকে নির্দিষ্ট ফি প্রদানের মাধ্যমে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছে। বিতর্ক সার্কিটের সিনিয়র বিচারকগণ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কৃতি বিতার্কিকদের আমরা বিচারক পর্যায়ে রেখেছি।

‎বিতর্কের কাঠামো ও প্রতিযোগিতার সময়সূচি নিয়ে তিনি জানান, এবারের আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা বাংলা এশীয় সংসদীয় পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার প্রাথমিক পর্বে প্রতিটি দল চারটি করে বিতর্কে অংশগ্রহণ করবে। চার রাউন্ড শেষে অর্জিত পয়েন্ট ও ফলাফলের ভিত্তিতে সেরা আটটি দল কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হবে।

‎আগামী ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনে চারটি প্রাথমিক রাউন্ড এবং কোয়ার্টার ফাইনালসহ মোট পাঁচ রাউন্ডের বিতর্ক অনুষ্ঠিত হবে। পরদিন ৭ নভেম্বর, শনিবার সকালে একই ভবনে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল পর্বের বিতর্ক। এছাড়া ৭ নভেম্বর শনিবার বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা মুক্তমঞ্চে আন্তঃকলেজ ও আন্তঃবিশ্ববিদ্যালয় উভয় পর্যায়ের ফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হবে।

‎সমাপনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজন ফাইনাল বিতর্ক শেষে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম স্যার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুল আলিম স্যার, রাজশাহী সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মাহমুদুল ইসলাম স্যার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান স্যার।

‎অনুষ্ঠানের সমাপনী পর্বে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। পাশাপাশি থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে সংগীত, আবৃত্তি, চিত্রকলা ও সংস্কৃতির সমন্বিত উপস্থাপনা।

‎উল্লেখ্য, ২০০৫ সালের ১৪ এপ্রিল বাংলা বছরের প্রথম দিনে প্রতিষ্ঠিত হয় গ্রুপ অব লিবারেল ডিবেটার্স বাংলাদেশ (গোল্ড বাংলাদেশ)। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মুক্তবুদ্ধি, স্বাধীন চিন্তা, যুক্তিবাদী মনন এবং গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশে কাজ করে যাচ্ছে।

Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।

আরো পড়ুন...

নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর