সেতু মাহমুদ:
ইউরোপের অন্তত নয়টি দেশের সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারে সাইবার হামলার ঘটনা ঘটেছে। হ্যাকাররা দূর থেকে এসব যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দেওয়ায় বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হয়েছে। কয়েক সপ্তাহের ব্যবধানে এ ধরনের দ্বিতীয় দফার হামলায় ইউরোপের খাদ্য সরবরাহব্যবস্থার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২ নভেম্বর সোমবার বেলজিয়াম, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল ও সুইডেনের বিভিন্ন সুপারমার্কেটে ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়।
কিছু ক্ষেত্রে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর খবর পাওয়া গেছে। এতে সংরক্ষিত মাংস, মাছ, দুগ্ধজাত পণ্যসহ বিভিন্ন হিমায়িত ও ঠান্ডায় রাখার খাবার নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়। অনেক দোকান সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পণ্য সরিয়ে ফেলে এবং ক্ষতিগ্রস্ত খাবার ফেলে দিতে বাধ্য হয়।
বেলজিয়ামে ক্যারিফোরের প্রায় ১৫টি দোকান এ ঘটনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। দেশটির বিভিন্ন সুপারমার্কেট ও খুচরা বিক্রয়কেন্দ্রেও ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থায় সমস্যা দেখা দেয়। সুইডেনের সুপারমার্কেট চেইন কোপের কয়েকটি দোকান এবং আইসিএর সীমিতসংখ্যক আউটলেটও আক্রান্ত হয়েছে। আয়ারল্যান্ডে সুপারভ্যালুর ১৩টি দোকানে এ ধরনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির মালিকানাধীন মুসগ্রেভ গ্রুপ।
সাইবার হামলার কারণে শুধু খাবার নষ্ট হওয়াই নয়, দোকানগুলোর স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হয়েছে। কোথাও কোথাও ফ্রিজ ও ফ্রিজারের নিয়ন্ত্রণব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়। আক্রান্ত প্রতিষ্ঠানগুলো পরিস্থিতি সামাল দিতে পণ্য সরিয়ে নেওয়া, যন্ত্রপাতি পরীক্ষা এবং নিরাপত্তাব্যবস্থা জোরদারের উদ্যোগ নিয়েছে।
বিশেষজ্ঞদের ধারণা, ইন্টারনেটের সঙ্গে যুক্ত ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থার দুর্বলতা কাজে লাগিয়ে হামলাকারীরা দূর থেকে এসব যন্ত্রের সেটিংস পরিবর্তন করেছে। পুরোনো সফটওয়্যার এবং অনিরাপদ ইন্টারনেট সংযোগ এ ধরনের হামলার ঝুঁকি বাড়াতে পারে। ডেনমার্কের প্রযুক্তিপ্রতিষ্ঠান ড্যানফসের তৈরি কিছু নিয়ন্ত্রণব্যবস্থার সঙ্গে আক্রান্ত ফ্রিজের সম্পর্ক পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি গ্রাহকদের সফটওয়্যার হালনাগাদ এবং নিরাপদ সংযোগ ব্যবহারের পরামর্শ দিয়েছে।
এর আগে গত ১২ অক্টোবর ফ্রান্সের কয়েক শ সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজার একই ধরনের সাইবার হামলার শিকার হয়েছিল। তখনও তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থায় অননুমোদিত পরিবর্তনের কারণে বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হয়।
এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা হ্যাকারগোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি। হামলাগুলোর পেছনে কারা রয়েছে এবং ঘটনাগুলোর মধ্যে সরাসরি কোনো যোগসূত্র আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বেলজিয়ামে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের কৃষি ও খাদ্যবিষয়ক কমিশনার ক্রিস্টোফ হ্যানসেন বলেছেন, এ ধরনের হামলা খাদ্য সরবরাহব্যবস্থাকে বিঘ্নিত করতে পারে এবং ভোক্তাদের আস্থার ওপর প্রভাব ফেলতে পারে। ফলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া প্রয়োজন। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, আধুনিক প্রযুক্তিনির্ভর দোকান ও শিল্পপ্রতিষ্ঠানে শুধু কম্পিউটার বা সার্ভার নয়, ফ্রিজ, শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা এবং অন্যান্য ইন্টারনেট-সংযুক্ত যন্ত্রের নিরাপত্তাও নিশ্চিত করা জরুরি।














