আহমেদ সিয়াম :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
দিবসটি উদযাপনে সরকারের নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নের জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জানানো হয়। এতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি কর্মসূচি যথাযথভাবে পালনের অনুরোধ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, দিবসটির তাৎপর্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতার ব্যবস্থাও রাখতে বলা হয়েছে।
এ ছাড়া পৃথক আরেকটি চিঠিতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দেওয়া হয়েছে।
এবার দিবসটি উপলক্ষে সরকারি ছুটি নির্ধারিত থাকলেও ৭ নভেম্বর পড়েছে শনিবার। প্রচলিত নিয়মে শনিবার সরকারি চাকরিজীবী ও শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটির দিন।
তবে মাউশির নির্দেশনার কারণে ছুটির দিনেও শিক্ষক-শিক্ষার্থীদের বিশেষ কর্মসূচিতে অংশ নিতে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে। আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে।














