আহমেদ সিয়াম :
পুলিশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করেছে সরকার। হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, শিল্প পুলিশের প্রধান করা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার অতিরিক্ত আইজিপি ইসরাইল হাওলাদারকে।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, এসআরবির বর্তমান ডিজি আহসান হাবীব পলাশকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। আর শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে পাঠানো হয়েছে পুলিশ টেলিকম সংস্থায়।
এ ছাড়া রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার করা হয়েছে। রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে।
এসব পদায়নের মধ্য দিয়ে পুলিশের বিভিন্ন ইউনিট ও গুরুত্বপূর্ণ পদে একাধিক কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন এসেছে।














