এক-দুই বিষয়ে ফেল, এক মাসেই ফের পরীক্ষা

Ahmed Siam

প্রকাশ :অক্টোবর ৩১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বছর এ ধরনের শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে এ উদ্যোগের কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। অনুষ্ঠানে তাঁরা চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন।

এত দিন প্রচলিত নিয়ম অনুযায়ী, এসএসসি বা এইচএসসি পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী বছর পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ ছিল। শিক্ষার্থীরা চাইলে শুধু অকৃতকার্য বিষয়গুলোতে অথবা সব বিষয়ে পরীক্ষা দিতে পারতেন। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের আর পরবর্তী পরীক্ষার জন্য পুরো এক বছর অপেক্ষা করতে হবে না।

শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন এক বছর পিছিয়ে না যায়, সে লক্ষ্যেই এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এই হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে হিসাবে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ। এবার জিপিএ-৫ অর্জন করেছেন ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী।