সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: জামায়াত আমির

Ahmed Siam

প্রকাশ :অক্টোবর ৩১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনরায় উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না।

শনিবার (৩১ অক্টোবর) সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের পাশে ১১ দলীয় জোটের এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, জোটের সাত দফা দাবির মধ্যে গণভোটের রায় বাস্তবায়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনগণ ভোটের মাধ্যমে যে সিদ্ধান্ত দিয়েছে, সরকার তা মানছে না। এটি জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

তিনি বলেন, জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায় কার্যকর করতে হবে। একই সঙ্গে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে এবং গণতান্ত্রিক অধিকার ও জনরায়ের প্রতি সম্মান দেখাতে হবে। অন্যথায় সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

পথসভায় সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুর রব হাশেমী। এতে আরও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

বক্তারা জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার না হলে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। পথসভা শেষে জোটের নেতারা খুলনার উদ্দেশে রওনা হন।