তেঁতুলিয়ায় শীতের আমেজ, তাপমাত্রা ১৫.৪

Ahmed Siam

প্রকাশ :অক্টোবর ২৭, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে বাড়ছে শীতের অনুভূতি। হিমেল বাতাস ও হালকা কুয়াশার প্রভাবে মঙ্গলবার সকালে তাপমাত্রা নেমে এসেছে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি অবস্থানের কারণে এ অঞ্চলে ঠান্ডা বাতাসের প্রভাব পড়ছে।

গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। এতে শীতের অনুভূতি ক্রমেই বাড়ছে।

মঙ্গলবার সকালে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় হালকা কুয়াশা দেখা যায়। কুয়াশার মধ্যেই সূর্যের আলো ছড়িয়ে পড়লেও বাতাসে ঠান্ডা অনুভূত হচ্ছিল। কাজের প্রয়োজনে ভোরেই ঘর থেকে বের হন শ্রমজীবী মানুষ। তাঁদের মধ্যে দিনমজুর, পাথর ও চা শ্রমিক, ভ্যানচালক এবং কৃষকেরা রয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার পর উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস বইতে শুরু করে। রাত ও ভোরে শীত বেশি অনুভূত হয়। তখন গায়ে কাঁথা জড়াতে হচ্ছে। হিমালয়ের পাদদেশে অবস্থানের কারণে দেশের অন্য অনেক এলাকার আগেই পঞ্চগড়ে শীতের প্রভাব দেখা দেয়। অক্টোবর থেকে শীতের আমেজ শুরু হলেও নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি পর্যন্ত এর তীব্রতা বাড়ে।

এদিকে শীতের মৌসুম সামনে রেখে বিভিন্ন বাজারে পিঠা বিক্রিও শুরু হয়েছে। ভাপা, চিতই ও পাকান পিঠা নিয়ে বসছেন বিক্রেতারা।

দিনে গরম ও রাতে ঠান্ডার কারণে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো সমস্যায় আক্রান্ত হচ্ছেন অনেকে। এসব রোগে চিকিৎসা নিতে কেউ কেউ উপজেলা হাসপাতালে যাচ্ছেন।

Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।