শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

Ahmed Siam

প্রকাশ :অক্টোবর ২৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ক্রমেই শক্তিশালী হচ্ছে। এর প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে প্রবল এবং পরবর্তী সময়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া।

সকাল ৬টার পর্যবেক্ষণ অনুযায়ী, ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এ ছাড়া কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণে ছিল ঘূর্ণিঝড়টি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাওয়া ঘূর্ণিঝড়টি সোমবার মধ্যরাত নাগাদ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরে এটি আরও শক্তি সঞ্চয় করে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, ২৮ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি।

ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬২ কিলোমিটার। ঝোড়ো হাওয়ার সময় তা ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে। কেন্দ্রের আশপাশে সাগর খুব উত্তাল বলে জানিয়েছে সংস্থাটি।

পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে সংকেত বাড়ানো হয়েছে। আগে এসব বন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখানো হচ্ছিল। এখন সেখানে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।