অন্য পেশায় থেকে সাংবাদিকতা নয়: প্রেস কাউন্সিল

Ahmed Siam

প্রকাশ :অক্টোবর ২১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিক পরিচয় ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা নেওয়া ও প্রভাব বিস্তারের অপচেষ্টা বন্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি বলেছেন, সংবাদ প্রকাশে নিরপেক্ষতা, তথ্যের সত্যতা যাচাই ও পেশাগত আচরণবিধি অনুসরণ করা জরুরি।

বুধবার (২১ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ার উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে সভাটি অনুষ্ঠিত হয়।

বিচারপতি আব্দুল হাকিম বলেন, সাংবাদিকতা একটি স্বতন্ত্র পেশা। সংবাদ সংগ্রহ থেকে প্রকাশ পর্যন্ত প্রতিটি ধাপে সাংবাদিকদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হয়। সঠিক তথ্য তুলে ধরা এবং জনগণের কাছে নিরপেক্ষ সংবাদ পৌঁছে দেওয়া তাঁদের অন্যতম দায়িত্ব।

তিনি বলেন, বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিদের সাংবাদিক পরিচয় ব্যবহারের অভিযোগ রয়েছে। কেউ শিক্ষকতা করছেন, কেউ ব্যবসা করছেন, আবার কেউ অন্য পেশায় থেকেও সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছেন। এ ধরনের চর্চা সাংবাদিকতার গ্রহণযোগ্যতা ও স্বচ্ছতা ক্ষুণ্ন করতে পারে।

প্রেস কাউন্সিল চেয়ারম্যান আরও বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থ, পেশাগত সুবিধা কিংবা ব্যবসায়িক বিবেচনাকে প্রাধান্য দেওয়া উচিত নয়। কোনো তথ্য প্রকাশের আগে তার সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া প্রয়োজন। সাংবাদিকতার স্বাধীনতার পাশাপাশি জবাবদিহি ও দায়িত্বশীলতাও গুরুত্বপূর্ণ।

সভায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব ও যুগ্ম সচিব আব্দুস সবুর বলেন, সাংবাদিক পরিচয় ব্যবহার করে কেউ যাতে ব্যক্তিগত সুবিধা আদায় কিংবা প্রভাব বিস্তার করতে না পারেন, সে বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। পেশাদার সাংবাদিকতার মান উন্নয়নে সাংবাদিক, গণমাধ্যম প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, সাংবাদিকতার নীতিমালা ও আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করা হলে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা বাড়বে। এ সময় তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমানও বক্তব্য দেন।

Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।