রাবি প্রতিনিধি:
বরগুনায় দুই দিনব্যাপী ‘বিএসএস মহাকাশ ক্যাম্প ২০২৬’-এ নানা বৈজ্ঞানিক পরীক্ষা প্রদর্শন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাব। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ তৈরি ও বিজ্ঞানমনস্কতা ছড়িয়ে দিতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
গত ১৯ ও ২০ অক্টোবর বরগুনা সার্কিট হাউস মাঠে বরগুনা সায়েন্স সোসাইটির উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে রাবি সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক ইফতিয়ান আহমেদের নেতৃত্বে চার সদস্যের একটি দল অংশ নেয়।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ক্লাবের প্রচার সম্পাদক মো. সোহান তানভীর, মিডিয়া সম্পাদক সোহান আহমেদ ও অর্গানাইজার মো. শহিদুল্লাহ। তাঁরা ১৮ অক্টোবর বরগুনার উদ্দেশে রওনা হন।
ক্যাম্পে দৈত্যের ধোঁয়া, সারফেস টেনশন, ইনস্ট্যান্ট আইস, সিংগিং পাইপ, কালার ভ্যানিশ, ডান্সিং রেইসিন, এলিফ্যান্ট টুথপেস্ট ও ফ্লেম টাচসহ ২০টির বেশি বৈজ্ঞানিক পরীক্ষা দেখানো হয়। প্রতিটি প্রদর্শনীর পর শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ক্লাবের সদস্যরা।
আয়োজকদের মতে, বিজ্ঞানকে সহজ ও আনন্দদায়কভাবে শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। রাবি সায়েন্স ক্লাবের প্রদর্শনী তরুণদের যুক্তিনির্ভর চিন্তাভাবনা ও বিজ্ঞানচর্চায় উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
বরগুনা সরকারি কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘রাবি সায়েন্স ক্লাবের প্রতিটি এক্সপেরিমেন্ট ছিল বেশ মজার ও শিক্ষণীয়। এগুলো দেখে বিজ্ঞানের প্রতি আমাদের আগ্রহ আরও বেড়েছে।’
এর আগে রাজশাহী, ঢাকা, মুন্সিগঞ্জ ও নাটোরসহ বিভিন্ন জেলায় বিজ্ঞানবিষয়ক প্রদর্শনী করেছে রাবি সায়েন্স ক্লাব। বরগুনার আয়োজন শেষে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আসন্ন ‘নবম আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা’-তে অংশ নিতে শিক্ষার্থী ও বিজ্ঞানপ্রেমীদের আমন্ত্রণ জানিয়েছে সংগঠনটি।
Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।














