রাজশাহীতে জনসভায় যোগ দিয়ে প্রায় ৩৯ হাজার আখচাষির জন্য কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে ডিজিটাল বোতাম চেপে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ কর্মসূচির আওতায় ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে, অর্থাৎ হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ উচ্চারণ করে প্রধানমন্ত্রী বোতাম চাপলে উপস্থিত হাজারো মানুষও সমস্বরে ‘বিসমিল্লাহ’ বলেন।
এর আগে বিকেল ৩টা ২৫ মিনিটে জনসভাস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা তাকে স্বাগত জানান। এরও আগে দুপুর ২টা ৫৫ মিনিটে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিমানবন্দর থেকে জনসভাস্থলে যাওয়ার পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। বাসের ভেতর থেকে হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন তিনি।
জনসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এ ছাড়া রাজশাহীর বিভিন্ন আসনের সংসদ সদস্য ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
জনসভা শেষে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। রাজশাহীর কর্মসূচি শেষ করে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এর আগে শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন তিনি। সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সড়কপথে রংপুর যাওয়ার সময় তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় অংশ নেন। পরে রংপুরের রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।














