সাম্প্রদায়িক হামলায় জড়িতদের শাস্তি চায় মুক্তিযুদ্ধ মঞ্চ

Ahmed Siam

প্রকাশ :অক্টোবর ১৮, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

পূজামণ্ডপে হামলা, রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদায়িক উসকানির অভিযোগে নিন্দা জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১৭ অক্টোবর) সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের পূজামণ্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদায়িক উসকানি সৃষ্টির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মুক্তিযুদ্ধ মঞ্চের দাবি, ধর্মীয় উপাসনালয়ের পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় প্রশাসনের কার্যকর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠনটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য উল্লেখ করে বলা হয়, চলতি বছরের অক্টোবর মাসে দুর্গাপূজার আগে দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুর, মন্দিরে হামলা ও সংঘাত-সহিংসতার ৩৪টি ঘটনা ঘটেছে। সিলেট, রাজবাড়ী, পঞ্চগড়, নেত্রকোনা ও টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় এসব ঘটনা ঘটেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ ছাড়া হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজের তথ্য উদ্ধৃত করে সংগঠনটি জানায়, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে ৪৯৮টি ঘটনার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনার মধ্যে জমি ও সম্পত্তিসংক্রান্ত বিরোধে হামলা, নিখোঁজ, অপহরণ, হত্যা, রহস্যজনক মৃত্যু, ধর্মীয় স্থাপনায় হামলা ও যৌন সহিংসতার অভিযোগ রয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদন উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে দেশে সাম্প্রদায়িক সহিংসতার অন্তত ৪৫০টি ঘটনা ঘটেছে। এতে প্রাণহানি, উপাসনালয়ে হামলা, প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-লুটপাটের অভিযোগ তুলে ধরা হয়।

মুক্তিযুদ্ধ মঞ্চের অভিযোগ, সাম্প্রদায়িক হামলা ও ধর্মীয় বিদ্বেষ দেশের সম্প্রীতি এবং সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শনাক্ত এবং আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।