প্রতিবন্ধীদের ভাতা বাড়াবে সরকার

Ahmed Siam

প্রকাশ :অক্টোবর ১৮, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারি ভাতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে ভাতার পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, সরকারি প্রতিষ্ঠান, আদালত ও হাসপাতালে সাংকেতিক ভাষা ব্যবহারের সুযোগ তৈরির বিষয়টি সরকার বিবেচনা করছে। এর মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সেবা গ্রহণ সহজ করার উদ্যোগ নেওয়া হতে পারে।

প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাঁড়ানো সরকার ও সমাজের দায়িত্ব উল্লেখ করে তারেক রহমান বলেন, এ ক্ষেত্রে অতীতে যেসব ঘাটতি রয়েছে, তা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করতে চায়।

প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা ও প্রতিভা বিকাশের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে। তথ্যপ্রযুক্তি খাতেও তাঁদের প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করবে।

এ বিষয়ে সমাজকল্যাণমন্ত্রীকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন তিনি। পাশাপাশি দেশে প্রতিবন্ধী ব্যক্তির প্রকৃত সংখ্যা নির্ধারণে নির্ভুল পরিসংখ্যানের প্রয়োজনীয়তা তুলে ধরে পরিসংখ্যান ব্যুরোকে নির্দেশনা দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী।

Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।