মো: আব্দুল্লাহ মামুন সোহান,চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ১৪তম দিনে গড়িয়েছে। আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম এখনো বন্ধ রয়েছে।
সোমবার (৫ অক্টোবর) আন্দোলনের ১৪তম দিনে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ কর্মসূচি অব্যাহত ছিল। একই সঙ্গে শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি পালন করেন। পরে তারা মানববন্ধন ও র্যালিতে অংশ নেন।
দুপুর সাড়ে ১২টার দিকে উপাচার্য ভবনের সামনে থেকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমিতির সদস্যরা একটি র্যালি বের করেন। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষক দিবস উপলক্ষে আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের পাশে থাকা শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
মানববন্ধনে চুয়েটের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মইনুল ইসলাম বলেন, সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। তিনি শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ক্ষতি কমাতে দ্রুত সংকটের সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, আন্দোলন শান্তিপূর্ণভাবে চলছে এবং কোনো ধরনের রাস্তা অবরোধ বা সহিংস কর্মসূচি নেওয়া হয়নি।
এর আগে ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্যের পদ থেকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা ওই রাতেই আন্দোলনে নামেন। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয় শাটডাউন ও ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি।
আন্দোলনের মধ্যে শিক্ষার্থীরা মশাল মিছিল, লাল কার্ড প্রদর্শন এবং চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। তবে ১৪ দিন পার হলেও অচলাবস্থা নিরসনে এখনো কোনো চূড়ান্ত সমাধানের ঘোষণা আসেনি।














