শিশু একাডেমির ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :অক্টোবর ৬, ২০২৬

শিশু একাডেমির ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

অতিন বিশ্বাস: শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে পৌঁছালে প্রায় ১৫০ জন শিশু প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন।

তিন দিনব্যাপী এ আয়োজন ৬ থেকে ৮ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’। অনুষ্ঠানে শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা, স্মারক উপহার প্রদান এবং ‘শৈশব’ শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচনের আয়োজন রয়েছে।

এ ছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের কর্মসূচি রয়েছে। তিনি শিশুদের আঁকা ছবি নিয়ে আয়োজিত প্রদর্শনী ও ফটো গ্যালারিও পরিদর্শন করবেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শিশু জাদুঘর ভবনে গিয়ে সোলার প্যানেল ও একটি সাব-স্টেশন উদ্বোধন করবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী প্রতিটি শিশুর জন্য নিরাপদ শৈশব, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি এবং খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আরো পড়ুন...

বেলজিয়ামকে উড়িয়ে দিল ফ্রান্স