ঢাকায় শুরু আন্তর্জাতিক সংলাপ

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :অক্টোবর ৩, ২০২৬

স্বাস্থ্য-শিক্ষায় কানাডার সহযোগিতা চায় প্রধানমন্ত্রী

অতিন বিশ্বাস: বিশ্বের বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তাবিষয়ক চ্যালেঞ্জ নিয়ে আলোচনার লক্ষ্যে রাজধানী ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’।

আজ শনিবার (৩ অক্টোবর) গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে রাজধানীর কারওয়ান বাজারের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত আন্তর্জাতিক সংলাপ "বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬"।

সকাল ৯টা ১৫ মিনিটে হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিয়ে একে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, একই সঙ্গে উদ্বোধনী অধিবেশনে বক্তব্যও রাখেন তিনি।

তিন দিনব্যাপী এই সংলাপে বিশ্বের ১০০টির বেশি দেশের প্রায় ২০০ বক্তা, ৩০০-এর বেশি প্রতিনিধি এবং মোট এক হাজারের বেশি নীতিনির্ধারক, কূটনীতিক, ব্যবসায়ী, গবেষক, শিক্ষাবিদ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধি অংশ নিচ্ছেন। উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে রয়েছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ ও মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারাসহ বিভিন্ন দেশের সাবেক-বর্তমান রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, সামরিক বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা।

সম্মেলনে ভূরাজনীতি ও নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার পরিসর, বাণিজ্য ও আঞ্চলিক সংযোগ, জলবায়ু পরিবর্তন, মানব নিরাপত্তা এবং গণতন্ত্র ও সুশাসনসহ পাঁচটি কৌশলগত বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান জানান, বর্তমান বিশ্বব্যাপী ভূরাজনৈতিক বিভাজন, প্রযুক্তির দ্রুত পরিবর্তন, বাণিজ্য ও সরবরাহব্যবস্থার রূপান্তর, জলবায়ু চাপ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জনআস্থার সংকট এসব বিষয়ই এবারের আলোচনায় প্রাধান্য পাবে। তিনি আরও জানান, এই সংলাপের মূল লক্ষ্য ঢাকাকে এমন একটি আন্তর্জাতিক মঞ্চে পরিণত করা, যেখানে ভিন্নমতের মানুষ খোলামেলা আলোচনায় অংশ নিতে পারেন।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার বাংলাদেশকে আঞ্চলিক বিনিয়োগের কেন্দ্র বা "হাব" হিসেবে গড়ে তুলতে চায়। তিনি আরও জানান, দেশজুড়ে স্বাস্থ্যসেবা আরও কার্যকরভাবে পৌঁছে দিতে এই খাতে নারীদের নিয়োগ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে সরকারের।

উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিতব্য সমাপনী অধিবেশনের আগে একটি বিশেষ আলোচনায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও। সংলাপে মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সংসদ সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজক সংস্থা সিজিএস ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করেছে এবং ভবিষ্যতে ব্রাসেলস ও দুবাইয়েও কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন...

শ্রীলঙ্কার কাছে হারলো বাংলাদেশ