এআই দিয়ে ছবি বিকৃতি নিয়ে উদ্বেগ হিনা পারভেজ

Jaya Sarkar

প্রকাশ :সেপ্টেম্বর ২৯, ২০২৬

এআই দিয়ে ছবি বিকৃতি নিয়ে উদ্বেগ হিনা পারভেজ

সারিকা জাহান: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি ও ভিডিও বিকৃতির ঘটনায় পাকিস্তানি টিকটক কনটেন্ট ক্রিয়েটর জান্নাত মির্জার পাশে দাঁড়িয়েছেন পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের সদস্য হিনা পারভেজ বাট।

নারীদের ছবি ও মুখ অনুমতি ছাড়া ব্যবহার করে এআই-নির্ভর কনটেন্ট তৈরি করাকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন তিনি।

সম্প্রতি জান্নাত মির্জার একটি বিকৃত এআই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানান এই কনটেন্ট ক্রিয়েটর।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি থাকায় তিনি নিজে বিষয়টি সম্পর্কে জানতে ও প্রতিক্রিয়া জানাতে পারছেন। কিন্তু যেসব নারীর সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতি নেই, তাদের ছবিও এ ধরনের অপব্যবহারের শিকার হতে পারে বলে সতর্ক করেন তিনি।এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেন হিনা পারভেজ বাট।

তিনি জানান, জান্নাত মির্জা নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি প্রকাশ্যে তুলে ধরে গুরুত্বপূর্ণ একটি বিষয় সামনে এনেছেন।হিনা বলেন, বর্তমানে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এআই। তবে প্রযুক্তির অপব্যবহার যেন কারও সম্মান, মর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন করার মাধ্যম না হয়, সেটি নিশ্চিত করা প্রয়োজন। বিশেষ করে নারীদের ছবি বা মুখ তাদের অনুমতি ছাড়া ব্যবহার করে কনটেন্ট তৈরি করাকে তিনি অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন।পাঞ্জাব উইমেন প্রোটেকশন অথরিটির (PWPA) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন হিনা পারভেজ।

তিনি আরো জানান, এ ধরনের ঘটনায় ক্ষতিগ্রস্ত নারীদের সহায়তায় প্রতিষ্ঠানটি পাশে থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ ধরনের ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।হিনা আরও পরামর্শ দেন, কারও ছবি বা ভিডিও এভাবে বিকৃত করে ছড়িয়ে দেওয়া হলে আক্রান্ত ব্যক্তির উচিত প্রথমে ওই কনটেন্টের স্ক্রিনশট বা লিংক সংরক্ষণ করা এবং তা আরও ছড়িয়ে না দিয়ে সংশ্লিষ্ট সাইবার অপরাধ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা।

জান্নাত মির্জাও এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার বক্তব্য, এআই একটি শক্তিশালী প্রযুক্তি হলেও কারও অনুমতি ছাড়া তার মুখ ব্যবহার করে আপত্তিকর বা বিভ্রান্তিকর ভিডিও তৈরি করা কোনোভাবেই হালকাভাবে নেওয়ার বিষয় নয়।

সাম্প্রতিক সময়ে এআই ব্যবহার করে পরিচিত ব্যক্তিদের ছবি ও ভিডিও বিকৃত করার একাধিক ঘটনা আলোচনায় এসেছে। ফলে প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, একই সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা, সম্মতি এবং ডিজিটাল নিরাপত্তা নিয়ে উদ্বেগও বাড়ছে। জান্নাত মির্জার ঘটনাকে কেন্দ্র করে হিনা পারভেজ বাটের বক্তব্য সেই আলোচনাকেই আবার সামনে নিয়ে এসেছে।

আরো পড়ুন

সারাদেশে চলছে ভ্যাপসা তাপদাহ, সাগরে গভীর নিম্নচাপ