আল আমিন, ফেনী প্রতিনিধি: ফেনীর পরশুরাম উপজেলায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়) উদ্বোধন করতে আগামী ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা।সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি দেখতে পরশুরামের ঘাটঘর ব্রিজসংলগ্ন প্রকল্প এলাকা পরিদর্শন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
পরিদর্শনকালে তিনি উদ্বোধনস্থলের প্রস্তুতি ও সংশ্লিষ্ট কার্যক্রমের বিষয়ে কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দেন।জানা গেছে, প্রধানমন্ত্রী পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী নদীর তীরে প্রকল্পটির উদ্বোধন করবেন। এরপর সেখানে সংক্ষিপ্ত কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। পরে তিনি ফুলগাজীতে যাবেন এবং বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।
বন্যা নিয়ন্ত্রণে বড় প্রকল্পমুহুরী-কহুয়া প্রকল্পের আওতায় নদী ও জলাধার পুনঃখনন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ এবং সেচ অবকাঠামো সংস্কারের মতো কাজ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
গত ১৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রকল্পটির মাধ্যমে বন্যার ঝুঁকি কমানোর পাশাপাশি এলাকার দীর্ঘদিনের সমস্যা মোকাবিলায় স্থায়ী অবকাঠামো গড়ে তোলার লক্ষ্য রয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের পর ধারাবাহিকভাবে দ্বিতীয় পর্যায়ের কাজও বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
এর আগে ২০২৪ সালের বন্যায় ফেনীর পরশুরাম ও ফুলগাজীসহ বিভিন্ন এলাকা ব্যাপকভাবে প্লাবিত হয়েছিল। ওই অভিজ্ঞতার পর বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থাকে সমন্বিতভাবে উন্নত করার প্রয়োজনীয়তা সামনে আসে।
সৌর প্যানেল ও অন্যান্য কর্মসূচিপ্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সরকারি দপ্তরগুলোতে স্থাপিত মোট ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার সৌর প্যানেল উদ্বোধনের কর্মসূচিও রয়েছে। এছাড়া ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।ওই কর্মসূচিতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম ও পুরোহিতদের সম্মানী ভাতাসহ বিভিন্ন সহায়তা কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে। পাশাপাশি স্থানীয় দলীয় নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের কর্মসূচিও রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফেনীতে নিরাপত্তা ও অবকাঠামোগত প্রস্তুতিও চলছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানস্থলগুলোকে রেড, ইয়েলো ও হোয়াইট এই তিনটি নিরাপত্তা জোনে ভাগ করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে সড়ক সংস্কার, পানি, স্যানিটেশন ও অন্যান্য নাগরিক সুবিধার ব্যবস্থাও নেওয়া হচ্ছে।














