মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান,চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বন্দরে অন্য একটি প্রতিষ্ঠানের নাম ও আমদানি-সংক্রান্ত তথ্য ব্যবহার করে আনা একটি সন্দেহজনক চালান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। চালানটি পরীক্ষা করে তামাক ও তামাকসদৃশ সামগ্রীর পাশাপাশি মাদকসদৃশ দেখতে পাউডার এবং ঘোষণার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ স্ক্র্যাপ পেপার পাওয়া গেছে।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, চট্টগ্রাম বন্দরে থাকা একটি কনটেইনারের দুটি বিল অব লেডিং যাচাইয়ের পর চালানটি কায়িক পরীক্ষার আওতায় আনা হয়।
কাস্টমসের নথি অনুযায়ী, চালানটির আমদানিকারক হিসেবে ‘অথয় এন্টারপ্রাইজ’-এর নাম উল্লেখ করা হয়েছিল। তবে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী লিখিতভাবে জানিয়েছেন, তিনি বা তার প্রতিষ্ঠান এই আমদানির বিষয়ে অবগত নন। চালানটির সঙ্গে তাদের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততাও নেই বলে দাবি করেছেন তিনি।
তার আশঙ্কা, কোনো অসাধু চক্র তার প্রতিষ্ঠানের নাম ও আমদানি-সংক্রান্ত তথ্য ব্যবহার করে পণ্যগুলো দেশে আনার চেষ্টা করেছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করার দাবি জানিয়েছেন তিনি।
কাস্টমসের তথ্যমতে, চালানটি কলকাতা থেকে ‘এমভি উদ্দীপন এক্সপ্রেস’ জাহাজে করে চট্টগ্রাম বন্দরে আসে। ২০ সেপ্টেম্বর জাহাজটি যাত্রা করে এবং ২২ সেপ্টেম্বর বন্দরে পৌঁছায়। একই মাস্টার বিল অব লেডিংয়ের অধীনে দুটি হাউস বিল অব লেডিং ব্যবহার করে পণ্যগুলো আমদানি দেখানো হয়।
এর মধ্যে একটি চালানে পণ্য হিসেবে ‘পান মসলা ও জর্দা’ বা চিবানোর তামাকজাত পণ্য উল্লেখ করা হয়েছিল। নথিতে ৪৭৩ প্যাকেজে প্রায় ৮ হাজার ৯৭৪ কেজি পণ্যের তথ্য দেওয়া হয়। কিন্তু কায়িক পরীক্ষায় ৪৭০ প্যাকেজে প্রায় ৮ হাজার ২৫০ কেজি তামাক ও তামাকসদৃশ সামগ্রী পাওয়া যায়।
পরীক্ষার সময় এসব পণ্যের মধ্যে বিভিন্ন রঙের পাউডারজাত পদার্থও শনাক্ত হয়। দেখতে এগুলো মাদকদ্রব্যের মতো সন্দেহজনক হলেও এতে মাদক বা কোনো নিষিদ্ধ উপাদান রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। এ জন্য নমুনা রাসায়নিক ও পরীক্ষাগারে পরীক্ষা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অন্য একটি চালানে পণ্য হিসেবে ‘মুদ্রিত কাগজের ক্যাটালগ’ ঘোষণা করা হয়েছিল। নথিতে ১ হাজার ৫৭০ প্যাকেজে প্রায় ৯ হাজার ৮৬০ কেজি পণ্যের হিসাব থাকলেও কায়িক পরীক্ষায় একই সংখ্যক প্যাকেজে প্রায় ৯ হাজার ২৬৩ কেজি স্ক্র্যাপ পেপার পাওয়া যায়।
দুটি চালান মিলিয়ে মোট ২ হাজার ৪০টি প্যাকেজে প্রায় ১৭ দশমিক ৫১ টন পণ্য পাওয়া গেছে। এর মধ্যে প্রায় ৮ দশমিক ২৫ টন তামাক বা তামাকসদৃশ সামগ্রী এবং ৯ দশমিক ২৬ টন স্ক্র্যাপ পেপার রয়েছে।
এ ঘটনায় বর্তমানে তদন্ত চলছে। পরীক্ষাগারের ফলাফল এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার হওয়া পণ্যের প্রকৃত পরিচয় এবং এর সঙ্গে জড়িতদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এনবিআর।














