শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার লাখ টাকা-দুটি ল্যাপটপ উদ্ধার

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :সেপ্টেম্বর ২৭, ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার লাখ টাকা-দুটি ল্যাপটপ উদ্ধার

মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান,চট্টগ্রাম প্রতিনিধি: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হারিয়ে যাওয়া প্রায় চার লাখ টাকা মূল্যের দুটি ল্যাপটপ, পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্যরা। এ সময় একটি ট্রলির ওপর পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ দেখতে পান তারা। ব্যাগটি নিজেদের হেফাজতে নিয়ে পরীক্ষা করার পর এর ভেতর থেকে দুটি ল্যাপটপ, একটি পাসপোর্ট এবং গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র পাওয়া যায়।

পাসপোর্টে থাকা তথ্য যাচাই করে আনসার সদস্যরা জানতে পারেন, ব্যাগটি চীন থেকে বিজি-৩৬৭ ফ্লাইটে আসা যাত্রী মো. রাকিবুল ইসলামের। বিষয়টি শিফট ইনচার্জ পিসি মো. নিজাম উদ্দিনকে জানানো হলে তিনি মালিককে খুঁজে বের করার উদ্যোগ নেন।

এ জন্য বিমানবন্দরে মাইকিং করার পাশাপাশি পাসপোর্টে থাকা তথ্যের ভিত্তিতে রাকিবুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। খবর পেয়ে তিনি দ্রুত বিমানবন্দরে ফিরে আসেন। পরে তাকে ডিউটি সিকিউরিটি অফিসারের (ডিএসও) কার্যালয়ে নেওয়া হয়।

সেখানে প্রয়োজনীয় কাগজপত্র ও পরিচয় যাচাই-বাছাই শেষে রাকিবুল ইসলামকেই উদ্ধার হওয়া ব্যাগ ও সামগ্রীর প্রকৃত মালিক হিসেবে নিশ্চিত করা হয়। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আনুমানিক চার লাখ টাকা মূল্যের দুটি ল্যাপটপ, পাসপোর্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র তার কাছে বুঝিয়ে দেওয়া হয়।

ব্যাগ হারিয়ে যাওয়ার পর মূল্যবান ল্যাপটপ ও পাসপোর্ট নিয়ে উদ্বিগ্ন ছিলেন রাকিবুল ইসলাম। সামগ্রীগুলো অক্ষত অবস্থায় ফিরে পেয়ে তিনি আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের দায়িত্বশীলতার প্রশংসা করেন।

বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় যাত্রীদের নিরাপত্তার পাশাপাশি হারানো সামগ্রী উদ্ধারের ক্ষেত্রেও সংশ্লিষ্টদের দায়িত্ব পালন করতে হয়। এ ঘটনায় উদ্ধার করা সামগ্রী যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার বিষয়টি সামনে এসেছে।

আরো পড়ুন....

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা