প্রথম ম্যাচেই বড় হার বাংলাদেশের

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :সেপ্টেম্বর ২৫, ২০২৬

প্রথম ম্যাচেই বড় হার বাংলাদেশের

সেতু মাহমুদ: ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। গ্রুপ ‘এ’-এর ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীদের দল।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মালয়েশিয়া। বিপরীতে প্রথমার্ধে বাংলাদেশের খেলায় ছিল ছন্দের ঘাটতি এবং আক্রমণে কার্যকর ফিনিশিংয়ের অভাব।

ম্যাচের ১৮তম মিনিটে আরিফ আয়মানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। প্রথম গোলের পরও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে তারা। ৩৮তম মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন আরিফ আয়মান। ফলে প্রথমার্ধ শেষে ২-০ গোলে পিছিয়ে থাকে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কিছুটা আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করলেও গোলের দেখা পায়নি। বরং ৫২তম মিনিটে ব্রাজিলে জন্ম নেওয়া মালয়েশিয়ান ফরোয়ার্ড বের্গসন গুস্তাভোর গোলে ব্যবধান ৩-০ হয়।

এরপর বাংলাদেশ গোলের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি। ৭৬তম মিনিটে হামজা চৌধুরী গোলের ভালো সুযোগ পেয়েছিলেন। তবে তার শট মালয়েশিয়ার গোলরক্ষক প্রতিহত করেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

ফিফা র‍্যাংকিংয়েও দুই দলের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান রয়েছে। ম্যাচের আগে মালয়েশিয়া ১৩৬তম এবং বাংলাদেশ ১৮১তম অবস্থানে ছিল।

মালয়েশিয়ার বিপক্ষে হারের পর এবার বাংলাদেশের সামনে সিঙ্গাপুরের চ্যালেঞ্জ। আগামী ২৮ সেপ্টেম্বর একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

আরো পড়ুন...

বিশ্ব ফুসফুস দিবসে কিভাবে ফুসফুস সুস্থ রাখবেন?