রাবিতে শিবিরের নবীন বরণে গোলাম আযমের বই উপহার, সমালোচনার ঝড়‎

shohrab russel

প্রকাশ :সেপ্টেম্বর ১২, ২০২৬

রাবিতে শিবিরের নবীন বরণে গোলাম আযমের বই উপহার, সমালোচনার ঝড়‎

রাবি প্রতিনিধি:
‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণে গোলাম আযমের বই উপহার দিয়েছে শাখা ইসলামী ছাত্রশিবির। নবীন শিক্ষার্থীদের গোলাম আযমের লেখা 'মনকে কাজ দিন' বই উপহার হিসেবে দেওয়া হয়।
‎
‎বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন শিক্ষার্থীদের একাংশ ও ক্রিয়াশীল সংগঠনের নেতারা। তাদের অভিযোগ, নবীন বরণের নামে চিহ্নিত রাজাকারদের সাধারণীকরণের চেষ্টা করা হচ্ছে।
‎
‎নাম প্রকাশে অনিচ্ছুক এক নবীন শিক্ষার্থী বলেন, ‘শিবির যে জমকালো আয়োজনের মাধ্যমে আমাদের বরণ করে নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে উপহার সামগ্রীর মধ্যে তারা যে একাত্তরের চিহ্নিত রাজাকার গোলাম আযমের লেখা বই আমাদের দিয়েছে তা নিন্দনীয়।’
‎
‎সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, ‘বেশ কয়েক বছর যাবত একাত্তরের যুদ্ধাপরাধীদের নর্মালাইজেশনের প্রক্রিয়া চলছে। শিবিরের নবীনবরণে মাথাপিছু সহস্রাধিক টাকা খরচ হয়েছে। এটা কোনো শিক্ষার্থী সুলভ সংগঠনের কর্মকাণ্ড নয়। এখানে যে দেশি বিদেশি বাংলাদেশ বিরোধী শক্তির বিনিয়োগ নেই তার নিশ্চয়তা কি? একটা হস্তক্ষেপ মুক্ত রাজনৈতিক অঙ্গন আমরা চাই, তবে দেশবিরোধী এজেন্ডার বাস্তবয়নের বেলায় তদারকি জরুরি।’
‎
‎শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘নবীন বরণ আয়োজনের আড়ালে নবীন শিক্ষার্থীদের হাতে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ রাজনৈতিক মতাদর্শের বই তুলে দেওয়া অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে গোলাম আযম, যিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতার কারণে ইতিহাসে চিহ্নিত, তার লেখা বই নবীনদের হাতে তুলে দেওয়া কোনোভাবেই একটি বিশ্ববিদ্যালয়ের জ্ঞানচর্চার আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’
‎
‎এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি মেহেদী হাসান সমকালকে বলেন, স্বৈরাচার আমলে আদালতকে প্রভাবিত কতে তাকে শাস্তি দেওয়া হয়। অধ্যাপক গোলাম আযমের লেখা 'মনকে কাজ দিন' বইটি শিক্ষার্থীদের যেকোনো চিন্তার বাজে দিক পরিহার করে সুস্থ ও সুন্দর জীবন যাপন করতে বইটি অত্যন্ত সহায়ক। তাই আমরা বইটির লেখকের পরিবর্তে বইয়ের মানকে গুরুত্ব দিয়েছি। এটা শিক্ষার্থীদের ইতিবাচক চিন্তা করতে সহায়ক হবে।
‎
‎আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় শাখা ছাত্রশিবির। শাখা শিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম, প্রধান আলোচক ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, ছাত্র শিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ।

আরো পড়ুন...

পতিত স্বৈরাচার আর ফিরে আসবে না: মিয়া গোলাম পরওয়ার