মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান, চট্টগ্রাম প্রতিনিধি,
মানুষ মানুষের জন্য এই অঙ্গীকার নিয়ে পথচলা শুরু করা সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন পূর্ণ করল তাদের দুই বছরের যাত্রা। মানবতার সেবায় সবসময় এই স্লোগানকে সামনে রেখে বিগত দুই বছরে সংগঠনটি সাতকানিয়া ও লোহাগাড়ার অসংখ্য অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
দুই বছর পূর্তি উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে দুটি বিশেষ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো এলাকাবাসীর জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি অ্যাম্বুলেন্স কেনা। সংগঠনের দায়িত্বশীলরা জানান, হাসপাতালে রোগী নেওয়ার সময় সাধারণ মানুষের যে ভোগান্তি ও অর্থের সংকট হয় তা দূর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই সবার জন্য উন্মুক্ত এই অ্যাম্বুলেন্স সেবা চালু করা হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজন হলো এতিম ও অসহায় শিশুদের খাওয়ানো। সংগঠনের পক্ষ থেকে এতিম শিশুদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হবে।
বিগত দুই বছরে সংগঠনটি জরুরি স্বাস্থ্যসেবাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। জরুরি মুহূর্তে রোগীদের জন্য রক্তের ব্যবস্থা করা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিচালনা করা এবং বিভিন্ন এলাকায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পের আয়োজন করা তাদের নিয়মিত কাজ হয়ে উঠেছে। সম্প্রতি একটি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন। এছাড়া আর্থিকভাবে অসচ্ছল রোগীদের চিকিৎসার জন্য সংগঠনের পক্ষ থেকে নিয়মিত সহায়তা প্রদান করা হয়েছে।
স্বাস্থ্যসেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেও ফাউন্ডেশন বিগত সময়ে বিভিন্ন মানবিক কাজ করেছে। শীতের সময় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, বিভিন্ন উৎসবে অসহায় পরিবারের মাঝে খাবার বিতরণ এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য সংগঠনের স্বেচ্ছাসেবীরা সবসময় প্রস্তুত থাকেন। সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে স্বেচ্ছাসেবীদের মাঝে অফিসিয়াল পরিচয়পত্র বিতরণের আয়োজনও করা হয়েছে।
সংগঠনের দায়িত্বশীলরা বলেন, আপনাদের ভালোবাসা ও সহযোগিতা না পেলে দুই বছরে এত মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হতো না। আমরা বিশ্বাস করি মানুষের কাছে গিয়ে মানুষকে চিনতে হবে এবং সবাই মিলে একটি সুন্দর সমাজ গড়তে হবে। মানবতার সেবায় সদা হোক আমাদের পথচলা এই প্রত্যয়ে সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন ভবিষ্যতেও আরও বড় পরিসরে কাজ করে যাবে।
আরো পড়ুন...
প্রযুক্তি ও সাইবার অনুসন্ধানে রাঙ্গামাটিতে ৪২টি মোবাইল ও ৭ হাজার টাকা উদ্ধার













