জয়শ্রী রানী, নিজস্ব প্রতিবেদক: প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। আইনজীবীরা জানিয়েছেন, এই আদেশের ফলে তাঁর কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।
জানা যায়, ২০০৮ সালে রাজধানীর গুলশান থানায় দায়ের হওয়া একটি প্রতারণার মামলায় চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেন। মামলাটি করেছিলেন রাজধানীর পল্লবী এলাকার ব্যবসায়ী এ কে এম মোশাররফ হোসেন সিকদার। অভিযোগে বলা হয়েছিল, বারিধারায় একটি ফ্ল্যাট হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়ে বিদিশা তাঁর কাছ থেকে অর্থ নেন, কিন্তু নির্ধারিত সময়ে ফ্ল্যাট বুঝিয়ে দেননি। এরপর টাকা ফেরত দিতে বিদিশা একটি চেক দিলেও হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় ২০০৫ সালে সেই চেক প্রত্যাখ্যাত হয়। বাদীর অভিযোগ, টাকা ফেরত চাইতে গেলে তাঁকে উল্টো হুমকি-ধমকি দেওয়া হয়।
সাজার এই রায়ের ভিত্তিতে গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁকে আদালতে হাজির করা হলে বিচারিক আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে জামিনের জন্য নিম্ন আদালতে আবেদন করা হলে গত ২ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবিরের আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।
নিম্ন আদালতে জামিন না পাওয়ার পর বিদিশা সিদ্দিকের পক্ষে হাইকোর্টে জামিনের আবেদন করা হয়। দীর্ঘ শুনানি শেষে রোববার হাইকোর্ট তাঁকে জামিন মঞ্জুর করেন। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা এই আইনি জটিলতার অবসান ঘটল বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।













