নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-ক্সবাজার মহাসড়কে প্রাইভেটকারে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবাসহ সুমন মোল্যা (৩২) নামে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় একটি চট্টগ্রামমুখি প্রাইভেটকারে থামার সংকেত দেয় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারী পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে গাড়িতে তল্লাশী চালিয়ে সিটের নিচে ও ড্যাশবোর্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক পাচারে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত সুমন মোল্যা গোপালগঞ্জ জেলার কাসিয়ানি উপজেলার নাওরা এলাকার মো. আশরাফের পুত্র। প্রাথমিক জিজ্ঞাসাবা দে সে জানায়, কক্সবাজার থেকে ইয়াবার চালানটি সংগ্রহ করে চট্টগ্রামে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ পাচারকারীকে আটক করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। একই দিন তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি আরও বলেন, লোহাগাড়া দিয়ে মাদক পাচার রোধে পুলিশের নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে প্রায়ই মাদক পাচারের ঘটনা ঘটে থাকে। পুলিশের এমন তৎপরতায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।













