মোহম্মদ আব্দুল্লাহ মামুন সোহান, চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের ডবলমুরিং আঞ্চলিক পাসপোর্ট অফিসে পরিচয় গোপন করে জালিয়াতির মাধ্যমে পাসপোর্ট তৈরির চেষ্টাকালে দুই রোহিঙ্গা নারীসহ তিন দালালকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
পরে আটকৃতদের আইনি প্রক্রিয়ার জন্য র্যাব-৭ এর কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার দুপুরে ডিউটিরত আনসার সদস্য মোঃ মোশাররফ হোসেনের বিচক্ষণতায় রহিমা খাতুন (৫) ও আফিফা বিবি (১৮) নামে দুই নারীর সন্দেহজনক গতিবিধি প্রকাশ পায়।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা নিজেদের রোহিঙ্গা পরিচয় স্বীকার করেন।
রোহিঙ্গা নারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাসপোর্ট অফিস চত্বরে তাৎক্ষণিক বিশেষ অভিযান চালায় চট্টগ্রাম মহানগর উত্তর জোন ডবলমুরিং থানায় নিয়োজিত আনসার গার্ডের সদস্যরা। অভিযানে এই জালিয়াতি চক্রের মূল হোতা তিন দালালকে আটক করা হয়।
আটকৃতরা হলেন— জিতু দাস (২৮), শিবির সাদেক (২৫) ও জহির আহমেদ (৫২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অবৈধভাবে দেশের নাগরিকত্ব ও পাসপোর্ট পাইয়ে দেওয়ার নামে তারা ওই নারীদের সহায়তা করছিল।
আটকৃতদের দেহ তল্লাশি করে ৩টি স্মার্টফোন, ১টি বাটন ফোন এবং নগদ ৪২ হাজার ৮৫৮ টাকা জব্দ করা হয়। বিষয়টি পাসপোর্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়।
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক পর্যায়ে ভাবমূর্তি রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এমন দ্রুত ও সময়োপযোগী পদক্ষেপকে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ সাধুবাদ জানিয়েছেন।
পরবর্তীতে আটকৃত ৫ জনসহ জব্দকৃত মোবাইল ও নগদ টাকা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য র্যাব-৭ এর একটি টিমের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এই ঘটনা দেশের ভাবমূর্তি রক্ষা ও জালিয়াতি রুখতে বাংলাদেশ আনসারের কঠোর নজরদারি এবং পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।













