রংপুরে শিশুশিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ: ক্ষুব্ধ অভিভাবকরা

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :সেপ্টেম্বর ৩, ২০২৬

রংপুরে শিশুশিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ: ক্ষুব্ধ অভিভাবকরা

নয়ন বিশ্বাস: রংপুরের গঙ্গাচড়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিশুশিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ ওঠায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

অভিযুক্ত শিক্ষক পালিয়ে যাওয়ার পর ক্ষুব্ধ অভিভাবকরা উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ বিদ্যালয়ের অন্য শিক্ষকদের দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে অভিযুক্ত শিক্ষক নিয়মিত রুটিন অনুযায়ী বিদ্যালয়ে উপস্থিত হলে কয়েকজন অভিভাবক তাকে আটকানোর চেষ্টা করেন।

তবে একপর্যায়ে সুযোগ বুঝে তিনি সেখান থেকে পালিয়ে যান। এতে ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের অন্য শিক্ষকদেরও বিদ্যালয় প্রাঙ্গণে অবরুদ্ধ করে রাখেন এবং ঘটনার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন।

খবর পেয়ে দুপুরের দিকে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা শিক্ষা কর্মকর্তা সায়লা জেসমিন সাঈদ।

তিনি শিক্ষক নেতাদের সঙ্গে নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালান। তবে বিক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় জনতা তাকেও অবরুদ্ধ করে রাখেন।

সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পর্যন্ত দীর্ঘ সময় ধরে বিদ্যালয় এলাকায় এই উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে।

বিষয়ে রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহজাহান সিদ্দিক জানান, ঘটনার গুরুত্ব বিবেচনায় অভিযুক্ত শিক্ষককে ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

স্থানীয়দের দাবি, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

ভবিষ্যতে যাতে অন্য কোনো শিক্ষার্থী এমন পরিস্থিতির শিকার না হয়।

ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্য ও ক্ষোভ বিরাজ করছে।

আরো পড়ুন...

প্রধানমন্ত্রী-আইপিইউ এর সৌজন্যমূলক সাক্ষাৎ

বাংলাদেশ নিয়ে উদ্বেগ নেই ইরানের